দেশ
প্রেমিককে নিয়ে হবু স্বামীকে খুন যুবতীর
প্রকাশিত: ২৪ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: প্রি-ওয়েডিং ফটোশুটের জন্য হবু স্বামী কেতন আগরওয়ালের সঙ্গে ইন্দোনেশিয়ার বালিতে যাওয়ার কথা ছিল বাগদত্তা সিয়া গোয়েলের। কিন্তু শেষ মুহূর্তে কেতনের পাসপোর্ট লুকিয়ে রেখে সেই পরিকল্পনা ভেস্তে দেয় সিয়া। কারণ, পরিবারের সকলের নজর এড়িয়ে কেতনকে নির্জনে নিয়ে গিয়ে খুনের ছক কষেছিল সে। অবশেষে মহারাষ্ট্রের পুণের ঐতিহাসিক লোহাগড় দুর্গে ট্র্যাকিংয়ের সময় কেতনকে পাহাড়ের খাদে ঠেলে খুন করল সিয়া ও তার প্রেমিক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিয়ের তোড়জোড় চললেও কেতনকে একেবারেই পছন্দ ছিল না সিয়ার। সে তার প্রেমিক চেতন চৌধুরীর সঙ্গে মিলে কেতনকে চিরতরে সরিয়ে দেওয়ার ঠান্ডা মাথার নীল নকশা তৈরি করে। লোহাগড় দুর্গে ট্র্যাকিংয়ের সময় পুরো বিষয়টিকে একটি ‘দুর্ঘটনা’ হিসেবে চালানোই ছিল তাদের মূল লক্ষ্য।
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ১৮ জুনের চূড়ান্ত পরিণতির আগেও ৩১ মে ও ১৪ জুন— দু'বার ট্র্যাকিংয়ের অছিলায় কেতনকে পাহাড় থেকে ঠেলে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল সিয়া। কিন্তু সে যাত্রা ঝোপঝাড় আঁকড়ে কোনওরকমে প্রাণে বেঁচে যান কেতন। সেই সময় সাপের ভয় দেখিয়ে কেতনকে ধাক্কা দেওয়ার গল্প ফেঁদে নিজের অপরাধ ঢাকা দিয়েছিল সিয়া।
অবশেষে গত ১৮ জুন ছবি তোলার নাম করে কেতনকে পাহাড়ের খাদের একদম কিনারায় নিয়ে যাওয়া হয়। পূর্বপরিকল্পনা অনুযায়ী, সেখানে আগে থেকেই ওত পেতে লুকিয়ে ছিল সিয়ার প্রেমিক চেতন। সুযোগ বুঝেই কেতনকে গভীর খাদে ঠেলে ফেলে দেয় সে। ঘটনার পর সিয়া নিজেই পুলিশে ফোন করে বিষয়টিকে নিছক ‘ছবি তোলার সময় পা পিছলে পড়ে যাওয়া দুর্ঘটনা’ বলে দাবি করে।
তবে কেতন অত্যন্ত দক্ষ ট্রেকার হওয়ায় পরিবারের মনে সন্দেহ দানা বাঁধে। তদন্ত শুরু করতেই সিসিটিভি ফুটেজে জুনের তীব্র গরমেও এক যুবকের হুডি পরে মুখ লুকিয়ে ঘোরার দৃশ্য এবং মোবাইল কল রেকর্ড পুলিশের সামনে আসে। তাতেই সিয়া ও চেতনের প্রেমের সম্পর্ক এবং এই জঘন্য হত্যাকাণ্ডের পর্দাফাঁস হয়। দুই অভিযুক্তকেই ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।

