দেশ
পরীক্ষার্থীদের ট্রেনে উঠতে হলো জানালা দিয়ে, যোগীরাজ্যে ‘ডবল ইঞ্জিন’ নিয়ে প্রশ্ন
প্রকাশিত: ১০ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ উত্তর প্রদেশে পুলিশ কনস্টেবল পদের পরীক্ষা দিতে গিয়ে চরম ভোগান্তির শিকার হলেন লক্ষ লক্ষ চাকরিপ্রার্থী। যাতায়াতের জন্য পর্যাপ্ত বিশেষ ট্রেনের (Special Train) ব্যবস্থা না থাকায়, জীবন বাজি রেখে ট্রেনের জানলা দিয়ে কামরায় ঢুকতে দেখা গেল পরীক্ষার্থীদের। গত সোমবার পরীক্ষার দ্বিতীয় দিনে লখনউয়ের চারবাগ স্টেশনসহ রাজ্যের একাধিক রেল স্টেশনে এই ভয়াবহ চিত্র ধরা পড়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে যোগী সরকারের ‘ডবল ইঞ্জিন’ শাসনব্যবস্থার কার্যকারিতা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ নাগরিকরা।
জানা গিয়েছে, উত্তর প্রদেশ পুলিশে ৩২ হাজার ৬৭৯টি কনস্টেবল পদের জন্য মোট ২৮ লক্ষ ৯০ হাজার পরীক্ষার্থী নথিভুক্ত হয়েছেন। রাজ্যজুড়ে মোট ১,১৮০টি পরীক্ষা কেন্দ্র তৈরি করেছিল প্রশাসন। প্রশাসনের তরফে বাসে ভাড়ায় ছাড় এবং বিশেষ ট্রেনের দাবি করা হলেও, বাস্তবে তা প্রয়োজনের তুলনায় অত্যন্ত অপ্রতুল প্রমাণিত হয়েছে।
মঙ্গলবার সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় চারবাগ স্টেশনের বেশ কিছু ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায়, স্টেশনে দাঁড়ানো ট্রেনের কামরাগুলিতে তিল ধারণের জায়গা নেই। ভিড়ের চাপে দরজার মুখ পুরোপুরি অবরুদ্ধ। মরিয়া পরীক্ষার্থীরা ট্রেনের জানলার রড ধরে শরীর দুমড়ে-মুচড়ে ভিতরে ঢোকার বিপজ্জনক চেষ্টা চালাচ্ছেন।
চাকরির পরীক্ষা দিতে গিয়ে তরুণ প্রজন্মের এই চরম হেনস্থা এবং জীবনের ঝুঁকি নেওয়ার ঘটনায় যোগী প্রশাসন ও রেল দপ্তরের সমন্বয়হীনতা পুরোপুরি প্রকাশ্যে চলে এসেছে। সাধারণ নাগরিকদের একাংশ প্রশ্ন তুলেছেন, লক্ষ লক্ষ পরীক্ষার্থীর যাতায়াতের আগাম পূর্বাভাস থাকা সত্ত্বেও কেন রেল ও রাজ্য প্রশাসন আরও সংবেদনশীল এবং প্রস্তুত ছিল না? কেউ কেউ ক্ষোভ জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্টে লিখেছেন, ‘‘অব্যবস্থা বলবেন না। পরীক্ষার্থীদের আচমকা শারীরিক পরীক্ষা নেওয়া হয়েছে কেবল!’’

