দেশ
দুই ছাত্রীকে যৌন নিপীড়ন, বরখাস্ত প্রাথমিক শিক্ষক
প্রকাশিত: ১০ জুলাই, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: প্রথম ও তৃতীয় শ্রেণীতে পড়ুয়া দুই নাবালিকা ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে ভারতের উত্তরপ্রদেশে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ইতিমধ্যেই নির্দিষ্ট ধারায় মামলা দায়ের করেছে পুলিশ। এই ঘটনার জেরে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর ব্লক শিক্ষা কর্মকর্তার নির্দেশে ওই স্কুলটি আপাতত বন্ধ করে দেওয়া হয়েছে। শিক্ষকের এমন হীন আচরণে যোগীরাজ্যে তীব্র ক্ষোভ ও চাঞ্চল্য ছড়িয়েছে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (বিএসএ) মুকুল আনন্দ পান্ডে সংবাদমাধ্যমকে জানান, ওই শিক্ষক ক্লাসের মধ্যেই দুই নাবালিকা ছাত্রীর সাথে অত্যন্ত আপত্তিকর ও অশালীন আচরণ করেছিলেন। বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন অভিভাবক ও গ্রামবাসীরা। তাঁরা ওই শিক্ষকের কঠোর শাস্তির দাবি জানিয়ে শিক্ষা দফতরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই শিক্ষা দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা তৎপরতার সাথে তদন্তে নামেন। ভুক্তভোগী দুই শিশু এবং স্কুলের অন্য শিক্ষার্থীদের জবানবন্দি রেকর্ড করা হয়। সেখানে প্রত্যেকেই শিক্ষকের এই কুকীর্তির কথা স্বীকার করে।
প্রাথমিক তদন্তে অভিযোগের অকাট্য প্রমাণ মিলতেই অভিযুক্ত সহকারী শিক্ষককে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, শিশুদের সুরক্ষার্থে তৈরি পকসো (POCSO) আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার উপযুক্ত ধারায় মামলা রুজু করে ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু হয়েছে। ধৃত শিক্ষককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। একটি সরকারি স্কুলের অন্দরে শিক্ষকের এমন লালসার শিকার হতে হলো দুই শিশুকে, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা।

