বহরমপুরের খাগড়ায় ২০০ বছরের ঐতিহ্য! 'কমলে কামিনী' পূজায় ভক্তদের ঢল
রিচা দত্ত, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদে হাতে গোনা মন্দিরেই হয় 'কমলে কামিনী' মায়ের আরাধনা। তারই মধ্যে অন্যতম বহরমপুরের খাগড়া এলাকার ঐতিহ্যবাহী কমলে কামিনী মন্দির। বহরমপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত এই মন্দিরের পূজার বয়স আনুমানিক ২০০ বছরেরও বেশি।
মন্দিরের সঠিক প্রতিষ্ঠাকাল কারও জানা নেই। এলাকার প্রবীণদের কথায়, “ছোটবেলা থেকেই দেখছি এই পূজা। বাপ-ঠাকুরদার আমল থেকেই চলছে।” মৌখিক ইতিহাসেই বেঁচে আছে এই ঐতিহ্য।
মুর্শিদাবাদ জেলায় কমলে কামিনী মায়ের মন্দির মাত্র দুটি - জিয়াগঞ্জ আর বহরমপুরের খাগড়ায়। চার দিন ধরে চলে বিশেষ পূজা ও ধর্মীয় আচার।
এটা শুধু মন্দির কমিটির পূজা নয়। খাগড়ার ছোট-বড় সবাই মিলে চাঁদা তুলে, শ্রম দিয়ে এই আয়োজন করেন। পূজার চারদিন মন্দির চত্বর ভক্তে ভরে যায়। বহরমপুর তো বটেই, জেলার বিভিন্ন প্রান্ত থেকেও মানুষ আসেন মায়ের দর্শনে।
স্থানীয়দের কাছে কমলে কামিনী পূজা মানে শিকড়ের টান। ২০০ বছর ধরে ভক্তি, বিশ্বাস আর সম্মিলিত প্রচেষ্টায় টিকে আছে এই উৎসব। কালের নিয়মে অনেক কিছু বদলালেও, খাগড়ার মানুষ মায়ের আরাধনায় কোনও খামতি রাখেননি।

