জেলা
বিয়ের দাবিতে ২৬ বছরের যুবকের বাড়িতে ৪১ বছরের নারীর অনশন
প্রকাশিত: ১০ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: প্রেমের টানে পটুয়াখালী থেকে জামালপুরের মাদারগঞ্জে এসে বিয়ের দাবিতে এক নারীর অনশনের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার বিকেল থেকে মাদারগঞ্জ উপজেলার আদারভিটা ইউনিয়নের বাঁশদাইড় এলাকায় কাজল (২৬) নামে এক যুবকের বাড়িতে অবস্থান নিয়ে অনশন শুরু করেছেন চম্পা (৪১) নামের ওই নারী।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেল থেকে চম্পা নামের ওই নারী বিয়ের দাবিতে কাজলের বাড়িতে অনশন শুরু করেন। তাঁর দাবি, কাজলের সঙ্গে তাঁর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক রয়েছে। অনশনের খবর ছড়াতেই অভিযুক্ত যুবক কাজল তাঁর পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছেন। বর্তমানে ঘরে তালা ঝুলছে এবং ওই নারী বাড়ির বারান্দায় অবস্থান করছেন। স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) সুজন পারভেজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, ওই নারী দূরবর্তী জেলা পটুয়াখালী থেকে মাদারগঞ্জে এসেছেন। ঘটনার পর থেকেই কাজলের পরিবারের কাউকে এলাকায় পাওয়া যাচ্ছে না।
স্থানীয়রা জানিয়েছেন, বয়সের এই বিপুল ব্যবধান থাকা সত্ত্বেও প্রেমের সম্পর্কের জেরে ওই নারী পটুয়াখালী থেকে এখানে ছুটে এসেছেন। ঘটনার পর থেকে এলাকায় উৎসুক জনতার ভিড় জমছে। অনশনরত চম্পার দাবি, প্রায় চার বছর আগে ফোনে কাজলের সঙ্গে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক সময় ফোনেই ‘কবুল’ বলে তাঁদের বিয়ে হয়, যদিও আনুষ্ঠানিক কোনো কাবিননামা হয়নি। চম্পার আগের সংসারে পাঁচটি সন্তান রয়েছে এবং কাজলের সঙ্গে সম্পর্ক গড়ার পর তিনি আগের স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদ করেন।
স্থানীয় ইউনিয়ন পরিষদ ও গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি খতিয়ে দেখছেন। যুবকের পরিবার পলাতক থাকায় বিষয়টি নিয়ে এখনো কোনো মীমাংসায় পৌঁছানো সম্ভব হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় পুলিশ প্রশাসনকেও বিষয়টি অবহিত করা হয়েছে।

