ফিটনেস নয়, দরকার ৪২ ইঞ্চির ভুঁড়ি! উত্তর ২৪ পরগনায় অভিনব ‘গণপতি ফুটবল’ ঘিরে হইচই
নিজস্ব সংবাদদাতা: বাঙালির ‘সেরা’ খেলা ফুটবল। শীত-গ্রীষ্ম-বর্ষা, ফুটবল ছাড়া বাঙালির চলে না। আর বর্ষাকালের কাদা-মাঠে ফুটবল খেলার আনন্দই আলাদা। তবে উত্তর ২৪ পরগনার চাঁদপুরে এবার যে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, তা বোধহয় আগে কেউ কখনও দেখেনি। এই ফুটবলের সঙ্গে ফিটনেস বা সিক্স-প্যাকের দূর-দূরান্তের কোনও সম্পর্ক নেই। এখানে মাঠে নামার একমাত্র যোগ্যতার মাপকাঠি হলো মোটা হওয়া। সহজ কথায়, ভুঁড়ি না থাকলে এই খেলায় ‘নো এন্ট্রি’!তবে যেমন তেমন ভুঁড়ি হলে এখানে চলবে না। আয়োজকদের শর্ত অনুযায়ী, ফুটবলারদের ভুঁড়ির মাপ হতে হবে ফুটবলের মতোই গোলাকার এবং কমপক্ষে ৪২ ইঞ্চি! এখানেই শেষ নয়, রয়েছে বয়সের আরও একটি অদ্ভুত শর্ত। প্রতিযোগিতায় অংশ নিতে গেলে খেলোয়াড়ের বয়স হতে হবে ৪০ বছরের বেশি। এমনই এক মজার ‘গণপতি ফুটবল’ ম্যাচ ঘিরে ইতিমধ্যেই এলাকায় ব্যাপক শোরগোল ও সাজো সাজো রব শুরু হয়েছে।
উত্তর ২৪ পরগনার চাঁদপুর লেনিনগড় শিব মন্দির কমিটির উদ্যোগে আগামী ২৩ আগস্ট, রবিবার বিকেল ৪টেয় লেনিনগড় সুভাষ সঙ্ঘের মাঠে এই ‘গণপতি প্রদর্শনী ফুটবল’ ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে। মেদহীন ছিপছিপে চেহারার ফুটবলারদের ড্রিবলিং বা গতির লড়াই দেখতে অভ্যস্ত মানুষ এবার মাঠ মাতাতে দেখবেন ভারী চেহারার ‘গণপতি’দের। চারু চৌহদ্দির মাঠে মেদের এই অভিনব লড়াই দেখতে ইতিমধ্যেই স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।

