ভারী বৃষ্টিতে তুর্তুরি বস্তি ও চা বাগানে প্লাবন
নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার: লাগাতার ভারী বৃষ্টিপাতের জেরে জলমগ্ন হয়ে পড়ল আলিপুরদুয়ার জেলার বেশ কিছু এলাকা। জেলার কুমারগ্রাম ব্লকের অন্তর্গত তুর্তুরি খণ্ড মৌজা, তুর্তুরি বস্তি এবং তুর্তুরি চা বাগান এলাকায় জল জমে চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা।
প্রশাসন সূত্রে খবর, তুর্তুরি বস্তির প্রায় ১৫টি বাড়ি এবং তুর্তুরি চা বাগান এলাকার প্রায় ১২টি বাড়ি ইতিমধ্যেই প্লাবিত হয়েছে।এলাকায় জলের গড় উচ্চতা প্রায় ০.৫ মিটার (প্রায় ১.৫ ফুট)। তবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে এবং নতুন করে কোনো বিপত্তি ঘটেনি। এখনও পর্যন্ত প্লাবিত এলাকার কোনো বাসিন্দাকে নিরাপদ স্থানে বা ত্রাণ শিবিরে সরিয়ে নেওয়ার প্রয়োজন হয়নি বলে জানা গেছে। স্থানীয় ব্লক প্রশাসন ও সেচ দপ্তর পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।অন্যদিকে, লাগাতার এই বৃষ্টির কোপ পড়েছে আলিপুরদুয়ার শহরেও।
আলিপুরদুয়ার পৌরসভার ১০ এবং ১৯ নম্বর ওয়ার্ডের কিছু অংশ জলমগ্ন হয়ে পড়েছে। রাস্তায় জল জমে যাওয়ায় সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা হচ্ছে। তবে পুর কর্তৃপক্ষের আশা, বৃষ্টি থামলে বা বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেই জমা জল দ্রুত নেমে যাবে। নিকাশি নালাগুলো সচল রাখার চেষ্টা করা হচ্ছে।
আলিপুরদুয়ার সেচ বিভাগ (Irrigation Division) জানিয়েছে, জেলার নদীগুলোর জলস্তর বাড়লেও কুমারগ্রাম এবং পৌরসভা এলাকা ছাড়া অন্য কোথাও কোনো বড়সড় অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি। নদীবাঁধগুলোর ওপর নজরদারি চালানো হচ্ছে।

