জেলা
আলিপুরদুয়ারের যুবকের মৃত্যু ইউক্রেনের ড্রোন হামলায়
প্রকাশিত: ২ জুলাই, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার: ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সেনাবাহিনীতে কর্মরত আলিপুরদুয়ারের এক যুবকের মৃত্যু হয়েছে কি না, তা নিয়ে ধন্দ ও উদ্বেগ কাটল না। প্রকৃত ঘটনা কী ঘটেছে, তা জানতে চেয়ে এবার আলিপুরদুয়ার জেলা প্রশাসনের দ্বারস্থ হল উদ্বিগ্ন পরিবার। বুধবার আলিপুরদুয়ারের জেলাশাসক (ডিএম) ময়ূরী ভাসের সঙ্গে দেখা করেন ওই যুবকের পরিবারের সদস্যরা।
প্রশাসন ও পারিবারিক সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ ওই যুবকের নাম ইন্দ্রজিৎ বিশ্বাস (২৬)। তিনি আলিপুরদুয়ারের শালকুমারহাটের মুন্সিপাড়ার বাসিন্দা। উপার্জনের তাগিদে সুদূর রাশিয়ায় গিয়ে সে দেশের সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন তিনি। কিন্তু সম্প্রতি ইউক্রেনের ড্রোন হামলায় তাঁর মৃত্যু হয়েছে বলে একটি খবর ছড়ায়। তার পর থেকেই দুশ্চিন্তায় দিন কাটছে পরিবারের। ছেলের ভাগ্যে ঠিক কী ঘটেছে, তা নিয়ে কোনও স্পষ্ট তথ্য না মেলায় ধন্দ ক্রমেই বাড়ছে।
বুধবার জেলাশাসকের দফতরে এসে ইন্দ্রজিতের কাকা অজিত বিশ্বাস ও অন্য পরিজনেরা জেলাশাসকের সঙ্গে দেখা করেন। জেলা প্রশাসনের কাছে তাঁদের আর্জি, কেন্দ্র ও রাজ্য সরকারের মাধ্যমে রাশিয়ার ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে প্রকৃত সত্য উদঘাটন করা হোক।
সাক্ষাৎ শেষে যুবকের কাকা অজিত বিশ্বাস জানান, জেলাশাসক তাঁদের সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বিষয়টি রাজ্য সরকারকে সবিস্তার জানানোর পাশাপাশি বিদেশমন্ত্রকের (MEA) সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বলে জেলাশাসক তাঁদের আশ্বস্ত করেছেন। ছেলের ঘরে ফেরার অপেক্ষায় এখন চাতক পাখির মতো দিন গুনছে শালকুমারহাটের বিশ্বাস পরিবার।

