জেলা
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে ব্লক অফিসে এসে বিক্ষোভ শতাধিক মহিলার
প্রকাশিত: ৩ জুলাই, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: অন্নপূর্ণা ভাণ্ডার যোজনার টাকা এখনও ব্যাংক অ্যাকাউন্টে না আসার অভিযোগে শুক্রবার বীরভূমের ময়ূরেশ্বর-১ ব্লক অফিসে বিক্ষোভে সামিল হলেন প্রায় শতাধিক মহিলা। কানাচি, ঝিকড্ডা, বাজিতপুর, তালোয়া-সহ একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে তাঁরা ব্লক অফিসে এসে যোজনার আবেদনপত্র ভেরিফিকেশনের দায়িত্বে থাকা এক আধিকারিককে ঘিরে বিক্ষোভ দেখান।
বিক্ষোভকারীদের অভিযোগ, আবেদন করার পরও এখনও পর্যন্ত তাঁদের অ্যাকাউন্টে টাকা জমা পড়েনি। তাঁদের দাবি, তৃণমূল সমর্থক পরিবারের মহিলারা আগে এই প্রকল্পের সুবিধা পেলেও বিজেপি সমর্থক পরিবারের বহু মহিলা এখনও টাকা পাননি। পাশাপাশি, আবেদনপত্র ভেরিফিকেশনের ক্ষেত্রেও পক্ষপাতমূলক আচরণ করা হয়েছে বলেও অভিযোগ তোলেন তাঁরা।
বিক্ষোভের পর ব্লক প্রশাসন তৎপর হয়ে অফলাইনে জমা পড়া আবেদনপত্রগুলি সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতগুলিতে ভেরিফিকেশনের জন্য পাঠানোর ব্যবস্থা করে। ব্লকের আধিকারিক অলক মুখার্জি জানান, বিভিন্ন প্রশাসনিক কাজের চাপে কিছু আবেদনপত্র পাঠানো বাকি ছিল। শুক্রবারই সেই ফর্মগুলি পঞ্চায়েত এলাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে।

