বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

ভাদু গানে সাইবার সচেতনতা, অভিনব উদ্যোগ আউশগ্রাম থানার

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ভাদু গানে সাইবার সচেতনতা, অভিনব উদ্যোগ আউশগ্রাম থানার
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, আউশগ্রাম: লোকসংস্কৃতির চেনা সুরে এবার সাইবার অপরাধ রুখতে কোমর বেঁধে নামল পুলিশ। বুধবার থেকে পূর্ব বর্ধমানের আউশগ্রামের বিভিন্ন এলাকায় ভাদু গানের মাধ্যমে শুরু হয়েছে এক অভিনব সচেতনতা প্রচার। ইদানীং আউশগ্রাম ও আশেপাশের এলাকায় সাইবার প্রতারণার গ্রাফ অনেকটাই ঊর্ধ্বমুখী। এই নতুন বিপদের হাত থেকে আমজনতাকে বাঁচাতে এবার স্থানীয় ঐতিহ্যবাহী ভাদু শিল্পীদেরই হাতিয়ার করল আউশগ্রাম থানা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আউশগ্রাম এলাকায় বেশ কয়েকটি ভাদু গানের জনপ্রিয় দল রয়েছে। এই দলের শিল্পীরা সাধারণত গ্রামেগঞ্জে, পাড়ায় পাড়ায় এবং হাট-বাজারে ঘুরে ঘুরে গান শোনান। গ্রামীণ মানুষের মনে এই লোকশিল্পের প্রতি এক গভীর টান রয়েছে। গত কয়েক বছর ধরে অবশ্য শুধু বিনোদন নয়, নাবালিকা বিয়ে রোধ, সাক্ষরতা অভিযান এবং জল অপচয় বন্ধের মতো নানা সামাজিক ইস্যুতেও গান বেঁধে প্রচার চালাচ্ছেন এই শিল্পীরা। এবার তাঁদের সেই সামাজিক দায়বদ্ধতাকেই সাইবার অপরাধের বিরুদ্ধে কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।
ইতিমধ্যেই আউশগ্রাম থানার পুলিশ বিভিন্ন স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের সাইবার অপরাধ নিয়ে পাঠ দিচ্ছে। তবে সাধারণ ও বয়স্ক গ্রামবাসীদের সহজে বোঝাতে ভাদু গানের জুড়ি মেলা ভার। পুলিশের এক আধিকারিক জানান, ভাদু শিল্পীরা প্রতিটি বাড়িতে পৌঁছাতে পারেন। তাই তাঁদের মাধ্যমে প্রচার করলে বার্তা সরাসরি মানুষের মনে গেঁথে যাবে।
সাইবার প্রতারণা আসলে কী, লটারি বা ওটিপি (OTP) জালিয়াতির ফাঁদ থেকে কীভাবে নিজেদের বাঁচিয়ে চলতে হবে, এবং ভুলেও যদি কেউ প্রতারিত হন তবে দ্রুত কোথায় যোগাযোগ করতে হবে— এই সমস্ত বিষয়কে সহজ-সরল কথায় গানের ছন্দে বেঁধেছেন শিল্পীরা। পুলিশের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারাও।