বাবর আলী হত্যা মামলায় বড় রায়! দুই অভিযুক্তের যাবজ্জীবন
রিচা দত্ত, মুর্শিদাবাদ:বহুল চর্চিত বাবর আলী হত্যা মামলায় অবশেষে রায় দিল ফাস্ট ট্র্যাক আদালত। বৃহস্পতিবার বিচারক ঋষি কুশারী দুই অভিযুক্ত গোলাব সেখ ও মিঠু সেখকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন। সঙ্গে মোটা অঙ্কের জরিমানাও।
রায়ে কী আছে?
১. গোলাব সেখ: যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা।
২. মিঠু সেখ: যাবজ্জীবন কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা।
কীভাবে খুন হয়েছিলেন বাবর আলী? ২০২৪ সালের ১৬ আগস্ট সকাল। বাড়ির সামনে দাঁত ব্রাশ করছিলেন বাবর আলী। আচমকা মাথায় গুলি। ঘটনাস্থলেই মৃত্যু। তদন্তে জানা যায়, রাস্তা সংক্রান্ত আন্দোলন নিয়ে পুরনো শত্রুতার জেরেই এই খুন।
ঘটনার পরেই নড়েচড়ে বসে ভগবানগোলা থানা। তৎকালীন আইসি দেবাশীষ ঘোষের নির্দেশে তদন্তে নামেন এসআই মাধব পান। দ্রুত গ্রেফতার করা হয় গোলাব ও মিঠুকে। মামলার তৃতীয় অভিযুক্ত এখনও পলাতক।
সরকারি পক্ষের
আইনজীবী কুনাল কান্তি ঘোষ বলেন, “এই রায় নিহতের পরিবারের জন্য ন্যায়বিচার।” পরিবারকে বিশেষ সরকারি সহায়তা দেওয়ার বিষয়টিও ভাবা হচ্ছে। তবে রায়ে একেবারেই খুশি নয় আসামীপক্ষ। আইনজীবী শওকত আলীর দাবি, “রাজনৈতিক চাপে দোষী সাব্যস্ত করা হয়েছে। প্রমাণ ঠিকমতো দেখাই হয়নি।” নিম্ন আদালতের রায়কে চ্যালেঞ্জ করে খুব শীঘ্রই হাইকোর্টে যাচ্ছেন তাঁরা।

