উচ্ছেদ ও পুনর্বাসন নিয়ে বহরমপুরে কংগ্রেস-বিজেপি সংঘাত
রিচা দত্ত, মুর্শিদাবাদ: রেল ব্রিজ নির্মাণের কারণে উচ্ছেদ ও পুনর্বাসন ইস্যুতে উত্তপ্ত বহরমপুর। পৌরসভার ২২ নম্বর ওয়ার্ডের সুভাষ পল্লীতে ঘরছাড়া পরিবারগুলির পুনর্বাসনের জায়গা নিয়েই এবার মুখোমুখি কংগ্রেস ও বিজেপি। শুরু হয়েছে তীব্র রাজনৈতিক তরজা।
কংগ্রেসের অভিযোগ, বিজেপি মানবিকতার নামে রাজনীতি করছে। তাদের দাবি, সুভাষ পল্লীতে বিজেপি তাদের বহু বছরের পুরনো পার্টি অফিস জোর করে দখল করে পুনর্বাসন দেওয়ার নাটক করছে। কংগ্রেস নেতৃত্বের প্রশ্ন, বহরমপুর শহরে এত খাস জমি থাকা সত্ত্বেও কেন কংগ্রেসের অফিসকেই বেছে নেওয়া হল? রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এই কাজ করা হচ্ছে বলে তোপ দেগেছে জেলা কংগ্রেস।
বিজেপি অবশ্য সব অভিযোগ উড়িয়ে দিয়েছে। দলের বহরমপুর মণ্ডল ১ সভাপতি মনোজ সাহা জানান, রেল ব্রিজের কাজের জন্য সুভাষ পল্লীর প্রায় ৩০ থেকে ৫০টি পরিবার উচ্ছেদ হয়েছে। অসহায় মানুষগুলোর মাথার ওপর ছাদ দেওয়ার জন্যই তাঁরা একটি খাস জমিতে অস্থায়ী ঘর তৈরির উদ্যোগ নেন। ওই জমিতে কংগ্রেসের একটি পুরনো অফিসও ছিল। মানবিকতার খাতিরে কংগ্রেসকে অর্ধেক জায়গা ছেড়ে দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল। কিন্তু কংগ্রেস তাতে রাজি হয়নি।
মনোজ সাহার কটাক্ষ, "কংগ্রেসের কাছে মানুষের চেয়ে পার্টির ঝান্ডাই বড়।" পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, অধীর চৌধুরীর সাংসদ থাকাকালীন সময় থেকেই এই রেল ব্রিজের প্রজেক্টের কথা ছিল। তাহলে এতদিন ধরে কেন উচ্ছেদ হওয়া পরিবারগুলির স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থা করা হল না?
এদিকে পুনর্বাসন নিয়ে দুই দলের রাজনৈতিক চাপানউতোরের মাঝে চরম দুর্ভোগে পড়েছেন সুভাষ পল্লীর ঘরছাড়া বাসিন্দারা। প্রশাসন সূত্রে এখনও পর্যন্ত স্থায়ী পুনর্বাসনের কোনও রূপরেখা মেলেনি।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পুনর্বাসনের মতো মানবিক ইস্যুকেও হাতিয়ার করে ময়দানে নেমেছে দুই দল। ফলে আপাতত সমাধানের পথ আরও জটিল হল বহরমপুরে।

