যশোর রোডে মর্মান্তিক দুর্ঘটনা, ট্রাকের পিষ্ট তরুণী
নিজস্ব প্রতিনিধি, বনগাঁ: উৎসবের মরসুমের শুরুতেই মর্মান্তিক পথ দুর্ঘটনা। পুজোর কেনাকাটা সেরে বাড়ি ফেরার পথে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক তরুণী সাইকেল আরোহীর। পঞ্চমীর বিকেলে বনগাঁ থানার নেতাজি মার্কেট এলাকায় যশোর রোডের উপর এই দুর্ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃত তরুণীর নাম প্রিয়াঙ্কা রায় (২০)। তিনি বনগাঁর দেবগড়ের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পঞ্চমীর বিকেলে নিজের সাইকেল নিয়ে বনগাঁ শহরের নেতাজি মার্কেট এলাকায় পুজোর বাজার করতে বেরিয়েছিলেন প্রিয়াঙ্কা। কেনাকাটা শেষ করে সাইকেলে চেপেই দেবগড়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন তিনি। সেই সময় যশোর রোড ধরে যাওয়ার সময় আচমকাই সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ওই তরুণী। ঠিক সেই মুহূর্তেই পেট্রাপোল সীমান্তের দিক থেকে আসা একটি দ্রুতগতির ১০ চাকার ট্রাকের পেছনের চাকার তলায় পড়ে যান তিনি।
লরির চাকার পিষ্ট হয়ে ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন প্রিয়াঙ্কা। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাঁকে উদ্ধার করে দ্রুত বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার জেরে উৎসবের মরসুমে বনগাঁ শহর জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পর ঘাতক ট্রাকটিকে আটক করেছে বনগাঁ থানার পুলিশ।

