বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

বারাকপুরের ‘দাদা বউদি’তে ঘুরে বেড়াচ্ছে ইঁদুর!

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৬
বারাকপুরের ‘দাদা বউদি’তে ঘুরে বেড়াচ্ছে ইঁদুর!
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা, বারাকপুর: কলকাতা ও সংলগ্ন এলাকার ভোজনরসিকদের কাছে বিরিয়ানি মানেই এক ডাকে চেনা বারাকপুরের বিখ্যাত ‘দাদা-বউদি বিরিয়ানি’। সুস্বাদু চাল আর তুলতুলে মাংসের স্বাদে মজে থাকেন হাজার হাজার মানুষ। কিন্তু এবার সেই নামী রেস্তরাঁতেই এবার তীব্র অস্বস্তি। প্লেটে গরম বিরিয়ানি মুখে তোলার আগেই খদ্দেরদের চোখে পড়ল ইঁদুরের অবাধ দৌরাত্ম্য। আর এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নিল বারাকপুরের ওই নামী আউটলেট।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিদিনের মতোই ওই আউটলেটে ভিড় জমিয়েছিলেন বহু মানুষ। খাওয়া-দাওয়ার মাঝেই আচমকা রেস্তরাঁর ভেতরে ইঁদুরের উৎপাত নজরে পড়ে কয়েকজন ভোজনরসিকের। সঙ্গে সঙ্গে তাঁরা বিষয়টি রেস্তরাঁর কর্মীদের জানান। অভিযোগ, সুরাহা হওয়া তো দূর অস্ত, উল্টে রেস্তরাঁর ম্যানেজার এবং কর্মীরা গ্রাহকদের সঙ্গে চরম দুর্ব্যবহার শুরু করেন। তর্কাতর্কি থেকে জল গড়ায় হাতাহাতিতে। ক্রেতাদের সঙ্গে রীতিমতো বচসায় জড়িয়ে পড়েন ম্যানেজার। উপস্থিত কয়েকজন গ্রাহক গোটা ঘটনার ভিডিও মোবাইল ক্যামেরায় বন্দি করে সোশাল মিডিয়ায় পোস্ট করতেই তা ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়।
ভিডিওটি ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় ওঠে নেটপাড়ায়। একটি প্রথম সারির রেস্তরাঁর স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে যায়। তীব্র জনরোষের মুখে পড়ে অবশেষে ড্যামেজ কন্ট্রোলে নামতে বাধ্য হয় কর্তৃপক্ষ। নিজেদের ভুল স্বীকার করে সোশাল মিডিয়ায় একটি বিবৃতি জারি করেছে দাদা-বউদি বিরিয়ানি। সেখানে তাঁদের তরফে বলা হয়েছে, “বারাকপুরে আমাদের আউটলেটে যা ঘটেছে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি।” তবে এই দুঃখপ্রকাশের পরও ভোজনরসিকদের একাংশের ক্ষোভ কমেনি। প্রিয় বিরিয়ানির দোকানে এমন ঘটনার পর বারাকপুরের ওই আউটলেটের পরিচ্ছন্নতা বজায় রাখা নিয়ে কড়া নজরদারির দাবি তুলেছেন সাধারণ মানুষ।

আরও জেলা খবর