জেলা
হঠাৎ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, চমক বড়শুলে
প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ ক্ষমতায় আসার পর থেকেই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে মরিয়া নতুন সরকার। সাধারণ মানুষ ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন কি না, তা প্রথম দিন থেকেই নিজে নজরে রাখছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায়। দায়িত্ব পাওয়ার পর থেকেই প্রায়ই বিভিন্ন সরকারি হাসপাতালে ঝটিকা সফর করছেন তিনি। বৃহস্পতিবার রাতে তেমনই এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল পূর্ব বর্ধমানের বড়শুল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র।
জেলা স্বাস্থ্য দফতর বা পুলিশ, কারও কাছেই মন্ত্রীর এই পরিদর্শনের আগাম কোনও খবর ছিল না। সম্পূর্ণ চুপিচুপি, কোনও রকম কনভয় বা ঢাকঢোল না পিটিয়ে রাতে হঠাৎ স্বাস্থ্যকেন্দ্রে হাজির হন স্বাস্থ্যমন্ত্রী। আচমকা খোদ মন্ত্রীকে ওয়ার্ডে ঢুকতে দেখে রীতিমতো চমকে ওঠেন কর্তব্যরত ডাক্তার ও নার্সরা। মুহূর্তের মধ্যে হাসপাতাল চত্বরে শোরগোল পড়ে যায়।
স্বাস্থ্যকেন্দ্রে ঢুকে একে একে বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন ডা. শারদ্বত মুখোপাধ্যায়। কর্তব্যরত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে কথা বলে রাতের পরিষেবা সম্পর্কে খোঁজখবর নেন। এরপর তিনি সরাসরি চলে যান রোগীদের কাছে। চিকিৎসাধীন রোগী এবং তাঁদের পরিজনদের সঙ্গে কথা বলে জানতে চান, ওষুধপত্র বা পরিষেবা পেতে কোনও সমস্যা হচ্ছে কি না। হাসপাতালের নার্সদের কাজের তৎপরতা দেখে খুশি হন মন্ত্রী। কর্তব্যরত এক নার্সের পিঠ চাপড়ে তাঁকে উৎসাহিত ও প্রশংসাও করেন তিনি।
পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “এখানে চিকিৎসা পরিষেবা ও নার্সিং ব্যবস্থা বেশ ভালো। তবে পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকে আরও বেশি নজর দিতে হবে। সাফাইয়ের কাজটা ঠিকমতো হচ্ছে না, সেটা দ্রুত ঠিক করার নির্দেশ দেওয়া হয়েছে।” মন্ত্রীর এই আচমকা পরিদর্শনে হাসপাতালের কর্মী ও রোগীদের মধ্যে যেমন শোরগোল পড়েছে, তেমনই সাধারণ মানুষ এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।

