জেলা
দলবদলুদের জন্য বর্ধমানে ব্যানার টাঙিয়ে শোরগোল বিজেপি নেতার
প্রকাশিত: ১৪ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: টানটান করে টাঙানো গেরুয়া রঙের এক বিশাল ব্যানার। তার ঠিক উপরে জ্বলজ্বল করছে বিজেপির পদ্মফুল চিহ্ন। আর সেই ব্যানারে সাদা বড় বড় অক্ষরে লেখা— ‘তৃণমূল দল থেকে কোন কর্মী সমর্থকদের বিজেপি দলে জায়গা নেই। তাদের উদ্দেশ্যে জানাই যে আমার বাড়ির চারপাশে ঘোরাঘুরি করে কোন লাভ নেই’। বর্ধমান শহরের শাঁকারিপুকুর এলাকায় এক বিজেপি নেতার বাড়ির সামনে ঝুলতে থাকা এই অভিনব ব্যানারকে ঘিরেই এখন পূর্ব বর্ধমান জেলাজুড়ে তুমুল শোরগোল এবং রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
দলীয় সূত্রে জানা গিয়েছে, নিজের বাড়ির সামনে এই ব্যানারটি ঝুলিয়েছেন বিজেপির স্থানীয় নেতা মানসকুমার দে। রাজ্যে বিধানসভা নির্বাচনের পর রাজনৈতিক সমীকরণ বদলাতেই এই নজিরবিহীন পদক্ষেপ করেছেন তিনি। মানসবাবুর দাবি, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই এলাকার বহু তৃণমূল কর্মী-সমর্থক ও স্থানীয় নেতা বিজেপিতে যোগ দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন। তাঁরা দলবদলের তদ্বির ও অনুরোধ নিয়ে প্রতিদিন ভোর থেকে রাত পর্যন্ত তাঁর বাড়ির সামনে ভিড় করছেন এবং চারপাশ দিয়ে ঘোরাঘুরি করছেন। দলবদলুদের এই ‘অনুপ্রবেশ’ এবং ভিড় ঠেকাতেই তিনি বাধ্য হয়ে বাড়ির সামনে এমন কড়া বার্তার ব্যানার ঝুলিয়েছেন।
এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে একাধিক চর্চা শুরু হয়েছে। ব্যানারটির মাধ্যমে বোঝানো হয়েছে যে, ক্ষমতার লোভে দলবদল করতে চাওয়া তৃণমূল কর্মীদের বিজেপিতে কোনোভাবেই স্বাগত জানানো হবে না। মানসকুমার দে স্পষ্ট করে দিয়েছেন, যাঁরা এতদিন বিরোধী শিবিরের হয়ে কাজ করেছেন, তাঁদের হঠাৎ করে দলে নিয়ে তিনি নিজের এলাকায় দলের পুরনো ও নিষ্ঠাবান কর্মীদের ক্ষোভ বাড়াতে চান না। এই ব্যানারের ছবি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল ভাইরাল হয়েছে।

