বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

বর্ধমানে অস্ত্রোপচার, শিশুর শ্বাসনালী থেকে বেরল আলপিন

প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬
বর্ধমানে অস্ত্রোপচার, শিশুর শ্বাসনালী থেকে বেরল আলপিন
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: পরিজনদের অসাবধানতায় আলপিন গিলে ফেলেছিল ঝাড়খণ্ডের এক তিন বছরের শিশু। সেটি সোজা গিয়ে আটকে যায় তার শ্বাসনালীতে। সোমবার সকালে বর্ধমান মেডিক্যাল কলেজ ও হাসপাতালের নাক, কান ও গলা (ইএনটি) বিভাগের চিকিৎসকদের তৎপরতায় এক জটিল অস্ত্রোপচারের পর প্রাণ বাঁচল ওই শিশুর। আপাতত সে বিপন্মুক্ত বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কয়েক দিন আগে নতুন জামা-প্যান্ট ভাঁজ করে রাখার একটি আলপিন অসাবধানতাবশত বিছানায় পড়েছিল। খেলার ছলে তিন বছরের ওই শিশুটি সেটি মুখে পুরে গিলে ফেলে। মুহূর্তের মধ্যে সেটি শ্বাসনালীতে গিয়ে বিপজ্জনকভাবে আটকে যাওয়ায় তার মরণাপন্ন অবস্থা হয়। প্রথমে তাকে ঝাড়খণ্ডের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও সেখানে কোনও সুরাহা হয়নি। এরপর পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় রবিবার রাতে তাকে বর্ধমান মেডিক্যাল কলেজে নিয়ে এসে ভর্তি করানো হয়।
হাসপাতালের চিকিৎসকেরা এক্স-রে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর দ্রুত অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। চিকিৎসকেরা জানান, আলপিনের সূচালো দিকটি উপরের দিকে থাকায় সেটি বের করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জিং ছিল। সামান্য এদিক-ওদিক হলেই শ্বাসনালী ফুটো হয়ে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। সোমবার সকালে হাসপাতালের ইএনটি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক অসীম সরকার, ঋতম রায় এবং শুভদীপ সর্দারের একটি দল অস্ত্রোপচার শুরু করেন।
চিকিৎসক ঋতম রায় জানান, সাধারণ অ্যানাস্থেশিয়া (জিএ) ব্যবহার করে 'রিজিড ব্রঙ্কোস্কপি' পদ্ধতির মাধ্যমে অত্যন্ত সতর্কতার সঙ্গে আলপিনটি বের করে আনা হয়েছে। চিকিৎসকদের এই সাফল্যে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন শিশুর পরিবার। অন্যদিকে, ছোট শিশুদের হাতের কাছে এই ধরনের বিপজ্জনক জিনিস না রাখার জন্য অভিভাবকদের আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও জেলা খবর