বরফ কারখানায় গ্যাস লিক, অসুস্থ ২৫
নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: বরফ কারখানা থেকে বিষাক্ত অ্যামোনিয়া গ্যাস লিক করে তীব্র চাঞ্চল্য ছড়াল এলাকায়। গ্যাসের ঝাঁঝালো গন্ধে অসুস্থ হয়ে পড়েছেন শিশু ও মহিলা-সহ অন্তত ২৫ জন গ্রামবাসী। রবিবার রাত সাড়ে ন’টা নাগাদ উত্তর ২৪ পরগনার বসিরহাটের হাড়োয়া থানার শা’পুকুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। গ্যাস ছড়িয়ে পড়ার খবর ছড়াতেই গোটা এলাকায় ব্যাপক আতঙ্ক তৈরি হয়। অসুস্থদের উদ্ধার করে রাতেই হাসপাতালে ভরতি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধে নাগাদ শা’পুকুর এলাকার ওই বরফ কারখানা থেকে আচমকাই অ্যামোনিয়া গ্যাস লিক হতে শুরু করে। কারখানার নিজস্ব প্রযুক্তিতে কোনো ত্রুটি থাকার কারণেই এই বিপর্যয় বলে প্রাথমিক অনুমান। কিছুক্ষণের মধ্যেই কারখানার চারপাশের জনবসতিপূর্ণ এলাকায় সেই গ্যাস বাতাসে মিশে দ্রুত ছড়িয়ে পড়ে। গ্যাসের তীব্র প্রভাবে পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা, বিশেষ করে শিশু ও মহিলারা অসুস্থ হয়ে পড়েন। তাঁদের চোখ জ্বালা এবং মারাত্মক শ্বাসকষ্ট শুরু হয়। অনেকের বমি বমি ভাবও দেখা দেয়।
পরিস্থিতি বেগতিক দেখে গ্রামবাসীরাই তড়িঘড়ি এগিয়ে আসেন। অসুস্থদের দ্রুত উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছায় হাড়োয়া থানার পুলিশ বাহিনী এবং দমকলের একটি ইঞ্জিন। দমকল কর্মীরা বিশেষ মাস্ক পরে কারখানার ভেতরে ঢোকেন এবং জল স্প্রে করে গ্যাস নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কারখানাটিতে নিরাপত্তা বিধি মানা হচ্ছিল কি না এবং ঠিক কী কারণে এই গ্যাস লিক, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ ও দমকল বাহিনী। এই ঘটনার পর থেকে এলাকায় ক্ষোভ তৈরি হয়েছে।

