বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

বেআইনি বালি পাচার কাণ্ডে গ্রেফতার কুখ্যাত মাফিয়া অজয় হাড়ি

প্রকাশিত: ৫ জুলাই, ২০২৬
বেআইনি বালি পাচার কাণ্ডে গ্রেফতার কুখ্যাত মাফিয়া অজয় হাড়ি
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা, কাঁকসা: অজয় নদ থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালি খনন ও পাচারের অভিযোগে অবশেষে পুলিশের জালে ধরা পড়ল এলাকার প্রভাবশালী বালি মাফিয়া অজয় হাড়ি। শনিবার কাঁকসার বিদবিহার এলাকা থেকে তাকে গ্রেফতার করে কাঁকসার মলানদিঘি ফাঁড়ির পুলিশ। রবিবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হবে বলে জানা গেছে। এই গ্রেফতারিকে কেন্দ্র করে গোটা কাঁকসা ও বিদবিহার এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় সূত্রে দাবি, ধৃত অজয় হাড়ি দীর্ঘদিন ধরেই অজয় নদের বিভিন্ন ঘাট নিজের নিয়ন্ত্রণে রেখে অবৈধ উপায়ে বালি তোলার কাজ চালাচ্ছিল। বিদবিহার, বনকাটিসহ সংলগ্ন একাধিক নদীর ঘাট থেকে প্রতিদিন রাতের অন্ধকারে এবং দিনের আলোতেও নিয়ম বহির্ভূতভাবে দেদার বালি তোলা হতো। অভিযোগ, এই অবৈধ বালি ট্র্যাক্টর ও ডাম্পারে বোঝাই করে রাজ্যের বিভিন্ন প্রান্তে পাচার করা হতো।
শুধু বালি তোলাই নয়, কাঁকসার বিভিন্ন এলাকায় অজয় হাড়ি বেআইনিভাবে বালি মজুত করে রাখার সিন্ডিকেট চালাত বলেও অভিযোগ রয়েছে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই অবৈধ কারবারের মাধ্যমে সে কোটি কোটি টাকার সম্পত্তি, বিলাসবহুল বাড়ি, গাড়ি এবং জেসিবি ও ডাম্পারের মতো একাধিক যান্ত্রিক সরঞ্জাম তৈরি করেছিল। জেলা প্রশাসন ও পুলিশ দীর্ঘদিন ধরে এর গতিবিধির ওপর নজর রাখছিল।
অজয়ের গ্রেফতারির পর এলাকায় স্বস্তি ফিরলেও, একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে স্থানীয় বাসিন্দাদের মনে। দীর্ঘদিন ধরে পুলিশ ও প্রশাসনের নাকের ডগায় কীভাবে এই বিশাল বালি সাম্রাজ্য গড়ে উঠল, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। এই চক্রের পেছনে আর কোন কোন রাঘববোয়াল বা রাজনৈতিক নেতার মদত রয়েছে, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে। আদালত থেকে নিজেদের হেফাজতে নিয়ে ধৃত অজয় হাড়িকে আরও জিজ্ঞাসাবাদ করতে চায় কাঁকসা থানার পুলিশ।