বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

বেলডাঙায় ফের এনআইএ তদন্ত, ব্যবসায়ীদের সঙ্গে কথা বললেন আধিকারিকরা

প্রকাশিত: ৩ জুলাই, ২০২৬
বেলডাঙায় ফের এনআইএ তদন্ত, ব্যবসায়ীদের সঙ্গে কথা বললেন আধিকারিকরা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

রিচা দত্ত, মুর্শিদাবাদ: শুক্রবার ফের বেলডাঙায় তদন্তে এলেন জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র আধিকারিকরা। চলতি বছরের জানুয়ারিতে পরপর দুই পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠা বেলডাঙার ঘটনার তদন্তেই তাঁদের এই সফর।

জানা গেছে, গত ১৬ জানুয়ারি ঝাড়খণ্ডে বেলডাঙার এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়। মৃতদেহ নিয়ে ১২ নম্বর জাতীয় সড়ক প্রায় ১০ ঘণ্টা অবরোধ করে রাখেন বিক্ষোভকারীরা। রেলপথও অবরুদ্ধ করা হয়। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ১৭ জানুয়ারি বিহারে আরও এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হলে বেলডাঙার বড়ুয়া মোড়ে ফের জাতীয় সড়ক অবরোধ শুরু হয়। বিক্ষোভের সময় বেশ কয়েকটি দোকানে ভাঙচুর চালানো হয়। বাস, লরিও ভাঙচুর হয়। লালগোলা-শিয়ালদহ লাইনে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় বেলডাঙা।

ঘটনার পর বেলডাঙা থানার পুলিশ ২৬ জনকে গ্রেপ্তার করে। পরে আদালতের নির্দেশে মামলার তদন্তভার যায় এনআইএ-র হাতে। তদন্ত চলাকালীন মামলায় জড়িত বেশ কয়েকজন জামিনে মুক্তি পান।

ইতিমধ্যে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বেলডাঙার ঘটনার প্রসঙ্গ তোলেন। সরকারি সম্পত্তি নষ্টের ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে তাঁদের সম্পত্তি বিক্রি করে ক্ষতিপূরণ আদায়ের কথা ঘোষণা করেন তিনি।

এরপরই শুক্রবার ফের বেলডাঙা থানায় আসেন এনআইএ-র তদন্তকারী আধিকারিকরা। থানায় পুলিশ আধিকারিকদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তাঁরা। বেশ কিছু নথিপত্রও সংগ্রহ করেন। পরে বড়ুয়া মোড়ে যান আধিকারিকরা। সেখানে ভাঙচুর হওয়া দোকানের মালিক ও স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। কয়েকজনকে জিজ্ঞাসাবাদও করা হয় বলে সূত্রের খবর।

এনআইএ-র এই সক্রিয়তায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে বেলডাঙায়। তদন্ত কোন দিকে মোড় নেয়, সেদিকেই তাকিয়ে সব মহল।