বহরমপুরে পথ দুর্ঘটনায় আহত ৬ স্কুল ছাত্রী, ২ জনের অবস্থা গুরুতর
রিচা দত্ত, মুর্শিদাবাদ: বৃহস্পতিবার সকালে বহরমপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা। স্কুলে যাওয়ার পথে ট্রেকার-গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হল প্রায় ৬ জন স্কুল ছাত্রী। ঘটনায় চাঞ্চল্য বলরামপুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন খুব সকালে কয়েকজন ছাত্রী ট্রেকারে চেপে চুঁয়াপুর বিদ্যানিকেতন স্কুলে যাচ্ছিল। বহরমপুর থানার বলরামপুর এলাকায় আচমকাই বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে ট্রেকারটির। সংঘর্ষের তীব্রতায় ট্রেকারে থাকা ৬ জন ছাত্রীই আহত হয়।
দুর্ঘটনার পরেই ছুটে আসেন স্থানীয় বাসিন্দা ও স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। তাঁরাই তড়িঘড়ি আহত ছাত্রীদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়েই হাসপাতালে ছুটে যান বহরমপুরের বিধায়ক সুব্রত মৈত্র। তিনি আহত ছাত্রীদের অবস্থা দেখে সঙ্গে সঙ্গে হাসপাতালের প্রিন্সিপালের সঙ্গে ফোনে যোগাযোগ করেন। বিধায়কের ফোন পেয়ে প্রিন্সিপাল নিজে হাসপাতালে উপস্থিত হয়ে দ্রুত চিকিৎসা শুরুর নির্দেশ দেন।
সুব্রত মৈত্র জানান, “ঘটনায় ৬ জন ছাত্রী আহত হয়েছে। এর মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। আমি প্রিন্সিপালকে বলেছি, যাতে ওদের সুচিকিৎসার কোনও ঘাটতি না হয়। সবরকম ব্যবস্থা নিতে বলেছি।”
হাসপাতাল সূত্রে খবর, আহতদের মধ্যে ৪ জনের আঘাত অপেক্ষাকৃত কম। তবে ২ জন ছাত্রীর মাথায় ও শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর চোট রয়েছে। তাদের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে বহরমপুর থানার পুলিশ। ঘাতক গাড়িটির চালককে চিহ্নিত করার চেষ্টা চলছে। সকালের ব্যস্ত সময়ে এই দুর্ঘটনায় উদ্বিগ্ন অভিভাবক মহল।

