ভাতকুন্ডা উচ্চ বিদ্যালয়ে অরণ্য সপ্তাহ পালন, পড়ুয়াদের দেওয়া হল চারাগাছ
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের বার্তা দিয়ে পূর্ব বর্ধমানের ভাতকুন্ডা উচ্চ বিদ্যালয়ে মহাসমারোহে পালিত হল অরণ্য সপ্তাহ। মঙ্গলবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে শামিল হয়েছিলেন শিক্ষক, বর্তমান পড়ুয়া এবং প্রাক্তন ছাত্ররা। বিদ্যালয় চত্বরকে সবুজ করে তুলতে এদিন যৌথ উদ্যোগে বিভিন্ন প্রজাতির মূল্যবান চারাগাছ রোপণ করা হয়।
বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ভাস্কর কোনার ও দিব্যেন্দু কোনার জানান, এদিন বিদ্যালয় প্রাঙ্গণে বেশ কিছু চারাগাছ লাগানোর পর, বাকি অবশিষ্ট গাছগুলি শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের হাতে তুলে দেওয়া হয়েছে। যাতে তাঁরা নিজেদের বাড়ি বা সংলগ্ন এলাকায় সেগুলি রোপণ করতে পারেন। তবে শুধু চারাগাছ লাগানোই নয়, সেই গাছগুলিকে নিয়মিত জল দিয়ে বাঁচিয়ে রাখা এবং যত্নের সাথে বড় করে তোলার বিশেষ পাঠও দেওয়া হয় পড়ুয়াদের। বিদ্যালয়ের শিক্ষকরা জানান, ছাত্রাবস্থা থেকেই আগামী প্রজন্মকে পরিবেশ সচেতন করে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

