বিড়ির পাতার টাকা নিয়ে ২ কোটির প্রতারণা, মহারাষ্ট্র থেকে গ্রেপ্তার ১
রিচা দত্ত, মুর্শিদাবাদ: বিড়ির পাতা সরবরাহের নামে প্রায় দুই কোটি টাকা প্রতারণার ঘটনায় মহারাষ্ট্র থেকে এক অভিযুক্তকে গ্রেপ্তার করল সামসেরগঞ্জ থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৩ সালে ধুলিয়ানের সুলতান মিঞা, ইসমাইল হোসেন, বদরুল হক-সহ কয়েকজন বিড়ি ব্যবসায়ীর কাছ থেকে বিড়ির পাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নেওয়া হয়। কিন্তু টাকা নেওয়ার পর পাতা সরবরাহ করা হয়নি। বরং ব্যবসায়ীদের নানা ভাবে হয়রানি ও প্রতারণা করা হয়। পাতা আনতে গিয়ে আক্রান্ত হওয়ার অভিযোগও রয়েছে।
এরপর প্রতারিত ব্যবসায়ীরা জঙ্গিপুর আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে তদন্তে নেমে সামসেরগঞ্জ থানার পুলিশ মহারাষ্ট্রে অভিযান চালিয়ে মূল অভিযুক্ত রোশান রাজেশ্বর দুদে ওরফে ৪৪ বছর বয়সী এই ব্যক্তিকে গ্রেপ্তার করে। তার বাড়ি মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলার সাওলি থানার গোধাহীতে।
বুধবার ধৃতকে জঙ্গিপুর আদালতে তোলা হলে তাকে পুলিশ হেফাজতে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, এই চক্রে আরও ২ জন জড়িত রয়েছে যারা পলাতক। তাদের খোঁজ চলছে। ঘটনার পর এলাকার বিড়ি ব্যবসায়ীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে।

