তৃণমূলের ‘দখল’ থেকে বৃদ্ধ দম্পতির ঘর উদ্ধার করল বিজেপি
নিজস্ব প্রতিনিধি, হাওড়া: ক্ষমতায় থাকার সময় এক বৃদ্ধ দম্পতির বাড়ির ঘর দখল করে রাখার অভিযোগ উঠেছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। রাজ্যে রাজনৈতিক ক্ষমতা পরিবর্তনের পর সেই ঘর তৃণমূলের দখলমুক্ত করল বিজেপি। শুধু উদ্ধার করাই নয়, আইনিভাবে বৈধ ভাড়ার চুক্তি করে সেই ঘরেই এবার নিজেদের দলীয় কার্যালয় তৈরি করল গেরুয়া শিবির। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে হাওড়ার বেলুড় এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বেলুড়ের ওই বৃদ্ধ দম্পতির বাড়ির একটি ঘর দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস নিজেদের দখলে রেখেছিল। সেই সময় শত চেষ্টা করেও ঘরটি ফেরত পাননি অসহায় ওই দম্পতি। সম্প্রতি রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর পরিস্থিতি বদলাতেই আসরে নামে বিজেপি নেতৃত্ব। তারা ঘরটি তৃণমূলের হাত থেকে সম্পূর্ণ মুক্ত করে।তবে ঘরটি উদ্ধারের পর তা জোরপূর্বক নিজেদের দখলে রাখেনি বিজেপি। বরং নিয়ম মেনে ওই বৃদ্ধ দম্পতির সঙ্গে একটি বৈধ ভাড়ার চুক্তি (Rent Agreement) স্বাক্ষর করেছে দল। চুক্তি অনুযায়ী ঘরটি ভাড়া নিয়ে সেখানে বিজেপির নতুন দলীয় কার্যালয় বা পার্টি অফিস চালু করা হয়েছে।এই ঘটনায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ওই প্রবীণ দম্পতি। ঘরের চাবি এবং ভাড়ার চুক্তিপত্র হাতে পেয়ে উচ্ছ্বসিত বৃদ্ধ দম্পতি জানান, “তৃণমূল আমাদের ঘরটি দখল করে রেখেছিল। বিজেপি এসে সেই ঘর দখলমুক্ত করল। একই সঙ্গে বিজেপি নেতৃত্ব আমাদের ঘর ভাড়া দেবে বলে চুক্তিও করেছে। আমরা ভীষণ আনন্দিত।” এই ঘটনাকে কেন্দ্র করে বেলুড় এলাকায় রাজনৈতিক মহলে জোর চাঞ্চল্য ছড়িয়েছে।

