জেলা
তৃণমূল কংগ্রেসের দখলে থাকা গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: তৃণমূল কংগ্রেসের দখলে থাকা গ্রাম পঞ্চায়েতের দখল নিল বিজেপি। আস্থা ভোটাভুটিতে গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হলেন বিজেপির পঞ্চায়েত সদস্য হরেন্দ্রনাথ মণ্ডল । উপ প্রধান নির্বাচিত হয়েছেন মৃত্যুঞ্জয় মণ্ডল । প্রধান নির্বাচন নিয়ে ছিল কড়া পুলিশি নিরাপত্তা। ঘটনাটি বীরভূমের রামপুরহাট-১ ব্লকের খরুন গ্রাম পঞ্চায়েতে। পঞ্চায়েত দখলের পর আনন্দে মাতলেন এলাকার বিজেপির কর্মী ও সমর্থকেরা।
বীরভূমের রামপুরহাট-১ ব্লকের খরুন গ্রাম পঞ্চায়েতের মোট আসন ১৩ টি। তার মধ্যে তৃণমূল কংগ্রেসের দখলে ছিল ৭ টি আসন। বিজেপির দখলে ছিল ৬ টি আসন। গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের। রাজ্যে বিজেপি সরকারের ক্ষমতায় আসার পর তারিখ তৃণমূল কংগ্রেসের প্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে আসার তোড়জোড় শুরু হয়। বিষয়টি জানতে পেরে তড়িঘড়ি প্রধান পদে ইস্তফা দেন তৃণমূল কংগ্রেসের নির্বাচিত সুমিত্রা লেট। তারপর আজ ছিল আস্থা ভোটাভুটি। সেই ভোটাভুটিতে বিজেপির গ্রাম পঞ্চায়েতের সদস্য হরেন্দ্রনাথ মণ্ডলের পক্ষে ভোট দেন ৮ জন সদস্য। সেই ভোটাভুটিতে প্রধান নির্বাচিত হন বিজেপির হরেন্দ্রনাথ মণ্ডল । এবং উপ প্রধান নির্বাচিত হন মৃত্যুঞ্জয় মণ্ডল।

