সচেতনতাই পারে প্রাণ বাঁচাতে। সেই বার্তা নিয়েই রাস্তায় বড়ঞা থানার পুলিশ
রিচা দত্ত, মুর্শিদাবাদ: মঙ্গলবার বড়ঞা থানার উদ্যোগে কুলি চৌরাস্তা মোড়ে আয়োজিত হল বিশেষ রোড সেফটি সাফারি ও পথ নিরাপত্তা সচেতনতা কর্মসূচি। লক্ষ্য একটাই - সড়ক দুর্ঘটনা রোধ এবং মানুষের মধ্যে ট্রাফিক আইন নিয়ে সচেতনতা বাড়ানো।
অভিযানের সময় বিনা হেলমেটে বাইক চালকদের থামিয়ে সচেতন করা হয়। পণ্যবাহী গাড়ি সহ অন্যান্য গাড়ির চালকদেরও নিরাপদে গাড়ি চালানোর পরামর্শ দেন পুলিশ আধিকারিকরা।
পুলিশ আধিকারিকের বক্তব্য,
"দ্রুত গতিতে গাড়ি চালাবেন না, মোটরবাইক চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহার করুন এবং ট্রাফিক আইন মেনে চলুন। সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি।"
বড়ঞা থানার পক্ষ থেকে চালকদের হাতে তুলে দেওয়া হয় জলের বোতল, গোলাপ ফুল এবং হেলমেট। নিরাপদে গাড়ি চালানোর বার্তাই ছিল মূল উদ্দেশ্য।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন কান্দী মহকুমার এসডিপিও শেখ হাবিবুল্লাহ, বড়ঞা-খড়গ্রাম সার্কেলের সিআই জগন্নাথ দাস এবং বড়ঞা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিদ্যুৎ সরকার। সাধারণ মানুষ ও চালকরাও এই উদ্যোগকে সাধুবাদ জানান।

