জেলা
রোজ লেট ট্রেন: ক্ষুব্ধ বর্ধমান-আসানসোল শাখার যাত্রীরা
প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: নিত্যদিন নির্ধারিত সময়ের থেকে লোকাল ট্রেন দেরিতে চলায় অফিস হোক বা হাসপাতাল— সর্বত্রই গন্তব্যে পৌঁছাতে নাজেহাল হতে হচ্ছে বর্ধমান-আসানসোল লাইনের যাত্রীদের। সাধারণ মানুষের অভিযোগ, আসানসোল ও বর্ধমানগামী একাধিক গুরুত্বপূর্ণ লোকাল ট্রেন প্রায় প্রতিদিনই লেট করছে। ফলে প্রতিদিন হাজার হাজার যাত্রীর চরম সময়ের অপচয় হচ্ছে এবং বিঘ্নিত হচ্ছে রেল পরিষেবা।
যাত্রীদের একাংশের অভিযোগ, সকালে আসানসোলগামী ৬৩৫০৭ আপ লোকাল ট্রেনের ওপর বহু অফিসযাত্রী নির্ভর করেন। ট্রেনটিতে দৈনিক যাতায়াত করা যাত্রী বাদল সাহা ক্ষোভ উগরে দিয়ে বলেন, "এই ট্রেনে চেপে বহু মানুষ দুর্গাপুরের বিভিন্ন বেসরকারি সংস্থায় কাজে যোগ দিতে যান। কিন্তু ট্রেনটি প্রায়শই দেরি করায় সময়ে অফিস পৌঁছানো মুশকিল হয়ে দাঁড়াচ্ছে।"
একই সুর গলসির বাসিন্দা জয় বন্দ্যোপাধ্যায়ের গলায়। তিনি জানান, বিকেলে বর্ধমানগামী লোকাল ট্রেনগুলিও রোজই লেট করছে। অথচ এই ট্রেনগুলির ওপর ভরসা করেই সাধারণ মানুষ বর্ধমান মেডিক্যাল কলেজে বা বিভিন্ন চেম্বারে ডাক্তার দেখাতে যান। আগে গিয়ে নাম লেখানোর তাড়া থাকে, কিন্তু ট্রেন দেরিতে চলায় রোগী ও তাঁদের পরিজনদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। শুধু এই দুটি নয়, ৬৩৫০৯ বর্ধমান-ঝাঝা লোকাল, ৬৩৫১১ এবং ৬৩৫১৩ সহ প্রায় সব লোকাল ট্রেনের একই দশা। এমনকি ট্রেন বর্ধমান স্টেশন থেকে ছেড়ে এসে কারশেডের কাছেও দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকছে বলে অভিযোগ।
এই নিয়ে আসানসোল ডিভিশনের এক উচ্চপদস্থ রেল আধিকারিক জানান, রেলের তরফ থেকে সবসময় ট্রেন সময়ে চালানোর আপ্রাণ চেষ্টা করা হয়। তবে লাইনের জরুরি রক্ষণাবেক্ষণের কাজ এবং ট্রাফিক ব্লকের কারণে কিছু ক্ষেত্রে ট্রেন দেরিতে চলছে। রেল যাত্রীদের এই সমস্যার কথা গুরুত্ব দিয়ে দেখছে এবং দ্রুত পরিষেবা স্বাভাবিক করাই তাদের মূল লক্ষ্য।

