বায়োমেট্রিক নিয়ে জালিয়াতি! উত্তাল দৌলতাবাদ
রিচা দত্ত, মুর্শিদাবাদ: মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার ছয়ঘরী হাজামপাড়া গ্রামে সামনে এল বড়সড় ব্যাংক জালিয়াতির অভিযোগ। PNB-তে অ্যাকাউন্ট খোলার কথা বলে গ্রামবাসীদের কাছ থেকে নথি ও আঙুলের ছাপ নেওয়া হয়েছিল। কিন্তু সেই তথ্য ব্যবহার করেই কয়েকশো মানুষের নামে ফিনো পেমেন্টস ব্যাংকে গোপনে অ্যাকাউন্ট খোলা হয়েছে বলে অভিযোগ।
শনিবার এই প্রতারণার প্রতিবাদে বহরমপুর শহরের ফিনো ব্যাংকের প্রধান শাখার সামনে জমায়েত করেন শতাধিক ক্ষুব্ধ গ্রাহক। তাদের দাবি, তারা কখনও ফিনো ব্যাংকে অ্যাকাউন্টের জন্য আবেদন করেননি।
গ্রামবাসীদের অভিযোগ অনুযায়ী, ছয়ঘরী হাজামপাড়ার স্থানীয় Customer Service Point-এর মালিক মহিদুল ইসলাম PNB-তে অ্যাকাউন্ট খুলে দেওয়ার নাম করে সকলের আধার, ভোটার কার্ড ও বায়োমেট্রিক সংগ্রহ করেন। এরপর প্রশাসনিক স্তরে আর্থিক লেনদেনের তদন্ত শুরু হতেই গোলমাল ধরা পড়ে।
গ্রাহকরা বহরমপুরের ফিনো ব্যাংকে খোঁজ নিতে গিয়ে জানতে পারেন, তাদের নামে আগে থেকেই অ্যাকাউন্ট রয়েছে। এমনকি ওই সব অ্যাকাউন্টে সন্দেহজনক টাকার লেনদেনও হয়েছে।
বিক্ষোভকারীদের অভিযোগের কেন্দ্রে থাকা CSP মালিক মহিদুল ইসলাম ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে পলাতক।
আন্দোলনকারীদের স্পষ্ট দাবি - অবিলম্বে মহিদুলকে গ্রেফতার করতে হবে। পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রতারিত গ্রাহকদের টাকা ফেরত ও আর্থিক সুরক্ষা দিতে হবে।
ঘটনায় ছয়ঘরী হাজামপাড়া জুড়ে তীব্র চাঞ্চল্য। দৌলতাবাদ থানার পুলিশ ইতিমধ্যেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে। তবে এই বিষয়ে ফিনো ব্যাংক কর্তৃপক্ষের তরফে এখনও কোনও সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

