বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

ডোমকলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আত্মসাৎ, ডাটা এন্ট্রি অপারেটর-সহ গ্রেফতার ৩

প্রকাশিত: ৯ জুন, ২০২৬
ডোমকলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আত্মসাৎ, ডাটা এন্ট্রি অপারেটর-সহ গ্রেফতার ৩
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

রিচা দত্ত, মুর্শিদাবাদঃ মুর্শিদাবাদের ডোমকলে এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বড় দুর্নীতি ফাঁস। ভুয়ো অ্যাকাউন্ট খুলে লক্ষ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগে BDO অফিসের ডাটা এন্ট্রি অপারেটর-সহ ৩ জনকে গ্রেফতার করল ডোমকল থানার পুলিশ। 

মূল অভিযুক্ত জোরগাছার বাসিন্দা সার্জেন সেখ। ২০২১ সাল থেকে ডোমকল BDO অফিসে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মরত ছিলেন। চক্রের সদস্য লস্করপুরের মিজানুর রহমান ও মানিকনগরের আলী কাদের ওরফে নিউটন। মুর্শিদাবাদ কো-অপারেটিভ ব্যাংকের স্থানীয় শাখাকে ব্যবহার করে চলত জালিয়াতি। সরকারি প্রকল্পের আসল সুবিধাভোগীদের নামে একাধিক ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হত। এরপর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকলেই তা সরিয়ে নিত চক্র।
কীভাবে ধরা পড়ল? BDO অফিসের অভ্যন্তরীণ অডিটে একই উপভোক্তার নামে একাধিক অ্যাকাউন্ট ও সন্দেহজনক লেনদেন ধরা পড়ে। এরপরই ডোমকল থানায় অভিযোগ দায়ের হয়। তদন্তে নেমে গতকাল রাতে ৩ অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
মঙ্গলবার ধৃতদের বহরমপুর জেলা আদালতে তোলা হয়েছে। তদন্তের স্বার্থে ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন করেছে ডোমকল থানা। আদালত ৭ দিনের হেফাজত মঞ্জুর করেছে। পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে নথি, মোবাইল ও ব্যাঙ্কের পাসবই বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিক অনুমান, আত্মসাতের পরিমাণ কয়েক লক্ষ টাকা ছাড়াবে।
আরও তদন্ত কোন দিকে?  
এই চক্রের সঙ্গে ব্যাঙ্কের কোনও কর্মী জড়িত কি না খতিয়ে দেখা হচ্ছে। BDO অফিসের অন্য কোনও কর্মীর যোগ আছে কি না, তাও তদন্তের আওতায়। আসল সুবিধাভোগীরা কেন মাসের পর মাস টাকা পাননি, তাও খতিয়ে দেখছে প্রশাসন। ঘটনা সামনে আসতেই এলাকায় চাঞ্চল্য। নাম প্রকাশে অনিচ্ছুক এক উপভোক্তা বলেন, “অ্যাকাউন্ট আছে, কিন্তু টাকা ঢোকে না। অফিসে গেলে বলে সব ঠিক। এখন বুঝলাম কেন টাকা পাইনি।”জেলা প্রশাসন জানিয়েছে, দুর্নীতিতে জিরো টলারেন্স নীতি নেওয়া হয়েছে। ব্লক স্তরে নজরদারি আরও জোরদার করা হবে।