বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

তোলাবাজির মাসোহারা দিতে অস্বীকার, অ্যাম্বুল্যান্স চালককে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

প্রকাশিত: ৬ আগস্ট, ২০২৬
তোলাবাজির মাসোহারা দিতে অস্বীকার, অ্যাম্বুল্যান্স চালককে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: রাজ্যে ক্ষমতা পরিবর্তনের পরেও খাস দুর্গাপুরে খোদ শাসকদলের প্রাক্তন কাউন্সিলরের দাদাগিরি ও তোলাবাজির অভিযোগে চাঞ্চল্য ছড়াল। তৃণমূল জমানায় যে টাকা দিতে বাধ্য হতেন, ‘বদলের বাংলায়’ এসে সেই তোলা বা মাসোহারা দিতে আর রাজি হননি এক অ্যাম্বুল্যান্স চালক। আর সেই অপরাধেই তাঁকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর হীরালাল বাউরির বিরুদ্ধে। আক্রান্ত যুবক মানিক ধীবর নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে দুর্গাপুর থানার দ্বারস্থ হয়েছেন।

দুর্গাপুরের গান্ধীমোড় সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালের অ্যাম্বুল্যান্স চালান মানিক ধীবর। তাঁর অভিযোগ, রাজ্যে তৃণমূলের শাসনকালে ভয় এবং আতঙ্কের পরিবেশের কারণে তিনি মুখ খুলতে পারেননি। সেই সময় বাধ্য হয়েই হীরালাল বাউরিকে প্রতি মাসে ১০ হাজার টাকা করে মাসোহারা দিতেন তিনি। অনলাইনের মাধ্যমে সেই টাকা পাঠানো হতো বলে মানিকের দাবি। তবে রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর, গত তিন মাস ধরে তিনি ওই টাকা দেওয়া বন্ধ করে দেন।
অভিযোগ, তোলাবাজির টাকা না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন ওই তৃণমূল নেতা। মানিক ধীবরের দাবি, টাকা দেওয়া বন্ধ করতেই মদ্যপ অবস্থায় হীরালাল বাউরি রাস্তায় তাঁর ওপর চড়াও হন এবং বেধড়ক মারধর করেন। শুধু তা-ই নয়, মারধরের পাশাপাশি তাঁকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। মানিককে হুমকি দিয়ে বলা হয়, দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণচন্দ্র ঘড়ুইও তাঁকে এই মারের হাত থেকে রক্ষা করতে পারবেন না।
যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন তৃণমূল নেতা হীরালাল বাউরি। এই ঘটনায় এলাকায় রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।