বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

ওয়ার্ড বেড়ে ৫৩, দুর্গাপুর নগর নিগমে ব্যাপক প্রশাসনিক রদবদল

প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৬
ওয়ার্ড বেড়ে ৫৩, দুর্গাপুর নগর নিগমে ব্যাপক প্রশাসনিক রদবদল
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: দুর্গাপুর নগর নিগমে (DMC) এক ঐতিহাসিক ও ব্যাপক প্রশাসনিক পরিবর্তনের সূচনা করল রাজ্য প্রশাসন। শিল্পশহরের জনসংখ্যা বৃদ্ধি এবং পুরপরিষেবাকে আরও সুসংহত করতে এবার আসন পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্য সরকারের নয়া সিদ্ধান্ত অনুযায়ী, দুর্গাপুর নগর নিগমের বর্তমান ৪৩টি ওয়ার্ড বাড়িয়ে একধাক্কায় ৫৩টি করা হচ্ছে। গত ৩১ আগস্ট রাজ্য সরকারের পুর ও নগরোন্নয়ন দফতরের তরফে এই মর্মে একটি সরকারি বিজ্ঞপ্তি বা নির্দেশিকা জারি করা হয়েছে।

প্রশাসন সূত্রের খবর, দুর্গাপুরের বিভিন্ন এলাকায় যেভাবে নগরায়ন ও জনসংখ্যা বেড়েছে, তাতে ৪৩টি ওয়ার্ড নিয়ে সুষম উন্নয়ন বজায় রাখা কঠিন হয়ে পড়ছিল। বহু ওয়ার্ডের ভৌগোলিক পরিধি অত্যন্ত বড় হওয়ায় সাধারণ মানুষের কাছে পুরপরিষেবা পৌঁছে দিতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল পুর কর্তৃপক্ষকে। এই জটিলতা কাটাতেই সীমানা পুনর্নির্ধারণ বা 'ডিলিমিটেশন'-এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ১০টি ওয়ার্ড যুক্ত হওয়ায় দুর্গাপুরের বাসিন্দারা আরও দ্রুত এবং নিবিড় পুরপরিষেবা পাবেন বলে আশা করা হচ্ছে।
এই সরকারি বিজ্ঞপ্তি জারির পর থেকেই শিল্পশহরের রাজনৈতিক মহলে জোর তৎপরতা শুরু হয়েছে। ওয়ার্ডের সীমানা বদলে যাওয়ায় আগামী পুরভোটের সমীকরণও অনেকটাই বদলে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কোন কোন ওয়ার্ড ভেঙে নতুন ওয়ার্ড তৈরি হবে, তার খসড়া তালিকা তৈরির কাজও দ্রুত শুরু হবে। ২০১৭ সালের ১৩ আগস্ট দুর্গাপুর নগর নিগমের শেষ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ২০২২ সালে তৎকালীন বোর্ডের মেয়াদ শেষ হয়। পরবর্তীকালে বোর্ড ভেঙে প্রশাসকমণ্ডলী বসানো হলেও এতদিন নির্বাচন বকেয়া ছিল। সব মিলিয়ে, রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে দুর্গাপুর পুরপ্রশাসনের কাজের পরিধি যেমন বাড়ছে, তেমনই পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রেও এটি একটি বড় পদক্ষেপ হতে চলেছে।