বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

জঙ্গিদের সেফ হোম ভাড়া বাড়ি! দুর্গাপুরবাসীকে সতর্ক করলেন বিধায়ক

প্রকাশিত: ২ আগস্ট, ২০২৬
জঙ্গিদের সেফ হোম ভাড়া বাড়ি! দুর্গাপুরবাসীকে সতর্ক করলেন বিধায়ক
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: রাজ্যে একের পর এক নাশকতার ছক এবং জঙ্গি যোগের ঘটনায় তদন্তকারীদের সামনে উঠে আসছে এক চাঞ্চল্যকর তথ্য— জঙ্গিদের প্রধান আস্তানা হয়ে উঠছে রাজ্যের বিভিন্ন প্রান্তের ভাড়া বাড়ি। স্থানীয় প্রশাসনের অলক্ষ্যে সাধারণ নাগরিকের ছদ্মবেশে ঘর ভাড়া নিয়ে সেখানেই বসে তৈরি হচ্ছে নাশকতার নীল নকশা। খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থেকে শুরু করে রাজ্যের একাধিক ভিভিআইপি-দের টার্গেট করার মতো মারাত্মক পরিকল্পনাও কষা হচ্ছে এই আস্তানাগুলি থেকেই। জইশ-ই-মহম্মদ জঙ্গি হামিম মণ্ডলের গ্রেফতারি এবং সম্প্রতি নিউটাউনের একটি ভাড়া বাড়িতে রহস্যময় বিস্ফোরণ (যদিও এই ঘটনায় এখনও সরাসরি জঙ্গি যোগ মেলেনি) এই আশঙ্কাকে আরও বাড়িয়ে দিয়েছে।

তদন্তে জানা গিয়েছে, জইশ জঙ্গি হামিম মণ্ডল রাজ্যজুড়ে জাল বিছাতে একের পর এক ভাড়া বাড়িকে সেফ হোম হিসেবে ব্যবহার করেছিল। বর্ধমানের রেনেসাঁ উপনগরীর পাশাপাশি দুর্গাপুরের মেন গেট সংলগ্ন এলাকার একটি ভাড়া বাড়ি থেকেও তাকে শেষ পর্যন্ত গ্রেফতার করা হয়। শিল্পাঞ্চলের বুকে এভাবে জঙ্গিরা আস্তানা গেড়েছিল জানতে পেরেই নড়েচড়ে বসেছে প্রশাসন। এই চরম উদ্বেগজনক পরিস্থিতিতে দুর্গাপুরের সাধারণ মানুষকে সতর্ক থাকার কড়া বার্তা দিলেন স্থানীয় বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।
বিধায়ক চন্দ্রশেখরবাবু স্পষ্ট জানান, অচেনা বা সন্দেহভাজন কাউকে ঘর ভাড়া দেওয়ার আগে বাড়িওয়ালাদের অত্যন্ত সতর্ক হতে হবে। না চিনে, না জেনে এবং কোনো রকম পরিচয়পত্র ছাড়া কাউকে যেন বাড়ি বা ফ্ল্যাট ভাড়া দেওয়া না হয়। তিনি দুর্গাপুরবাসীর উদ্দেশ্যে আহ্বান জানান, এলাকায় নতুন কোনো ভাড়াটে এলে অবিলম্বে তাঁদের আধার কার্ড, ভোটার কার্ডের মতো নথিপত্র খতিয়ে দেখতে হবে এবং সেই সংক্রান্ত সমস্ত তথ্য স্থানীয় থানায় জমা দিয়ে পুলিশ ভেরিফিকেশন করাতে হবে। কোনো ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলেই যেন সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেওয়া হয়। শিল্পাঞ্চলের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশ ও সাধারণ মানুষকে একযোগে কাজ করার অনুরোধ জানিয়েছেন তিনি।