বিনামূল্যে স্বাস্থ্য শিবির বুদবুদে, খুশি এলাকার বাসিন্দারা
নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্ম দিবস উপলক্ষে বিজেপি নেতা রোহিত সিং এর উদ্যোগে বুদবুদে আয়োজন করা হলো একটি বিশেষ বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের।
রোহিতবাবু উদ্যোগে এবং দুর্গাপুরের গৌরী দেবী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহযোগিতায় এই শিবিরের আয়োজন করা হয়।
ঐতিহাসিক ব্যক্তিত্বকে শ্রদ্ধা জানিয়ে মানুষের চিকিৎসা পরিষেবা দিতেই এই বিশেষ উদ্যোগ বলে জানা গিয়েছে।
এদিনের এই পবিত্র ও স্মরণীয় দিনে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে অত্যন্ত গর্ব প্রকাশ করেছেন উদ্যোক্তারা।
এই মহতী অনুষ্ঠানকে সফল করে তোলার জন্য গৌরী দেবী মেডিক্যাল কলেজ হাসপাতালের সম্মানীয় চিকিৎসক এবং সমস্ত স্বাস্থ্যকর্মীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে সেবা কেন্দ্রের পক্ষ থেকে।
তাঁদের অক্লান্ত পরিশ্রমে বহু মানুষ এদিন নিখরচায় স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ পান।
শিবির নিয়ে জোরালো বক্তব্য রাখেন স্থানীয় বিজেপি নেতা রোহিত সিং। তিনি পূর্বতন সরকারের স্বাস্থ্য নীতির তীব্র সমালোচনা করেন। রোহিতবাবু অভিযোগ করে বলেন, "আগের সরকার সাধারণ মানুষের চিকিৎসার দিকে বিন্দুমাত্র নজর দেয়নি। স্বাস্থ্য ব্যবস্থার সর্বত্র শুধু দুর্নীতি থাবা বসিয়েছিল। হাসপাতালগুলোতে বাইরে থেকে নীল সাদা রঙ করা হয়েছে। কিন্তু ভিতরে পরিষেবা পাওয়া যেত না। মানুষকে দুর্ভোগে পড়তে হয়েছে।" এর পাশাপাশি বর্তমান পরিস্থিতির ওপর ভরসা জুগিয়ে তিনি দাবি করেন, "এখন রাজ্যের চিকিৎসা ব্যবস্থার হাল ফিরবে। সাধারণ মানুষ সঠিক পরিষেবা পাবেন। আয়ুষ্মান কার্ড এই রাজ্যেও চালু হয়েছে।
কোনো মানুষ এই কার্ড নিয়ে সমস্যায় পড়লে আমাদের কেন্দ্রে আসার অনুরোধ করছি।" সম্পূর্ণ অনুষ্ঠানটি ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ দেখা যায়। বহু মানুষ এই শিবির থেকে উপকৃত হয়েছেন।

