জেলা
গলসি বিধানসভায় সাংসদ কীর্তি এলে ‘আমি ডিম ছুড়বো’ বললেন বিধায়ক রাজু
প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: ডিম ছোড়া নিয়ে পিস্তল রাখার কথা বলেছিলেন বর্ধমান-দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ। তবে সেই মন্তব্যের এবার কড়া প্রতিক্রিয়া দিলেন গলসির বিধায়ক রাজু পাত্র। তিনি বলেন, উনি এলাকায় ঢুকলে ডিম ছুড়বো। চ্যালেঞ্জ করছি।
রাজ্যে পালাবদলের পর তৃণমূল নেতা থেকে প্রাক্তন মন্ত্রীদের একাংশের উপর ডিম ছোড়ার রেওয়াজ দেখা যাচ্ছে। এমনকি মহুয়া মৈত্র, সৌগত রায়ও ডিম আক্রমণ থেকে বাদ যাননি। বিজেপির উচ্চ নেতৃত্বও এই ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তারপরেও ‘ডিম-থেরাপি’ বন্ধ হয়নি। নিজের সংসদ এলাকায় গিয়ে এই নিয়ে সোমবার হুঁশিয়ারি দিয়েছিলেন কীর্তি আজাদ। তিনি বলেছিলেন, স্কুলে ডিম দেওয়া বন্ধ করে দিল। এখন লোককে ডিম মারছে! আমরাও নিজের সুরক্ষার জন্য পিস্তলের লাইসেন্স নিচ্ছি। তিনি আরও বলেছিলেন, আমরা ভয় পাওয়ার মতো লোক নই। আমরা ভারতের জন্য ক্রিকেট খেলেছি। ভারতমাতার মর্যাদার জন্য ক্রিকেট খেলেছি। এই মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিতে দেখা গেল বিধায়ককে।
বুধবার বিধায়ক রাজু বিদবিহার, বনকাটি সহ একাধিক এলাকায় জন সংযোগে যান। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, উনি বন্দুক দেখিয়েছেন। ওনার বন্দুকে কতগুলো গুলি আছে দেখবো। আমরা বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকবো। গলসি বিধানসভায় উনি আসুন। ডিম ছুড়বো। প্রয়োজনে আমি ছুঁড়বো। ওনার এত কেন ভয়? আসলে দু’বছর পেরিয়ে গেল। উনি কোন কাজ করেননি। আমি চ্যলেঞ্জ করছি। যেদিন এলাকায় ঢুকবেন সেদিনই ডিম ছুড়বো।
ডিম ছোড়া প্রসঙ্গে সাংসদ ও বিধায়কের তরজা নিয়ে বিতর্কও তৈরি হয়েছে। কাঁকসার তৃণমূল নেতা নবকুমার সামন্ত বলেন, বিজেপির যা অভ্যাস বিধায়ক তাই বলেছেন। ওনার দল ডিম ছোড়া বারণ করলেও উনি নিজেই এই কথা বলছেন। এর থেকে বোঝগা যাচ্ছে উনি কতটা শৃঙ্খলা পরায়ণ।
কংগ্রেস নেতা পূরব বন্দ্যোপাধ্যায় বলেন, কে ডিম ছুড়বে আর কে পিস্তলের গুলি ছুড়বে তা দেখার জন্য মানুষ ওনাদের ভোট দিয়ে নির্বাচিত করেননি। মানুষের জন্য কাজ করুন। তাহলে কাউকেই কিছু ছুড়তে হবে না। মানুষকে পরিষেবা দিন। গলসি বিধানসভা এলাকার সিপিএম নেতা হারাধন ঘোষ বলেন, কীর্তি আজাদ ঠিকই পিস্তল ছুড়বেন। কারন উনি গুলি, বোম এতেই অভ্যস্ত। অন্যদিকে রাজু পাত্রও তাদের দলীয় সংস্কৃতির কথাই বলছে। বাকযুদ্ধ করে মানুষের আসল ইস্যু থেকে মোড় ঘোরানো হচ্ছে। ওদের নিয়ে যত কম বলা যায় ভালো।

