বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

গলসিতে বাস যাত্রীদের জন্য প্রতীক্ষালয়ের দাবি 

প্রকাশিত: ৯ আগস্ট, ২০২৬
গলসিতে বাস যাত্রীদের জন্য প্রতীক্ষালয়ের দাবি 
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: ঝড়-জল হোক কিংবা চড়া রোদ। যে কোনও পরিস্থিতিতে খোলা আকাশের নীচে দাঁড়িয়ে বাসের জন্য অপেক্ষা করতে হয় যাত্রীদের। গলসি বাজারের বাস স্ট্যান্ডে এমনই দৃশ্য দেখা যায়। ব্লকের অন্যতম বড় বাজার এখানে। রয়েছে একাধিক স্কুল, ব্যাঙ্ক। এ সব কারণে গলসিতে বহু মানুষের যাতায়াত। বেশিরভাগ মানুষই এখান থেকে বাস ধরেন। কিন্তু বাজারে নেই যাত্রী প্রতীক্ষালয়। ফলে দূরদূরান্ত থেকে আসা মানুষজন খুব সমস্যায় পড়ছেন। প্রশাসনের পরিকল্পনায় স্থায়ী প্রতীক্ষালয়ের বিষয়টি রয়েছে বলে জানা গিয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, গলসির উপর দিয়ে আসানসোল, বরাকর, কৃষ্ণনগর, কাটোয়া, আরামবাগ সহ একাধিক দূরপাল্লার বাস যায়। কিন্তু যাত্রী প্রতীক্ষালয় না থাকায় যাত্রীদের সমস্যা হচ্ছে। বেলান এলাকার বাসিন্দা নারায়ণ রায় বলেন, ব্যক্তিগত কাজে বিডিও অফিসে এসেছিলাম। গোহগ্রাম যাওয়ার বাসের জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম। যাত্রী প্রতীক্ষালয় না থাকায় বৃষ্টির মধ্যে ভিজতে হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, গলসি এলাকাটি জনবহুল। পাশাপাশি এখানে বিভিন্ন অফিস ও বড় বাজার থাকায় নিকটবর্তী গ্রামগুলির বাসিন্দারা এই বাজারের উপর নির্ভর করেন। অনেকেই বাসে করে বাজার করতে আসেন। এখানে যোগাযোগের প্রধান মাধ্যম বাস। বর্ধমান যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন সুজিত বিশ্বাস। তিনি বলেন, গলসির উপর দিয়ে দিনে কয়েকশো বাস চলে। যাত্রীদের ভিড়ও থাকে। অথচ কোন প্রতীক্ষালয় নেই। সেজন্য রাস্তার ধারে দোকানে অনেকে দাঁড়াতে যান। এতে ব্যবসায়ীদেরও সমস্যা হয়।
এই এলাকায় রয়েছে একাধিক বিদ্যালয়। জানা যায়, বিদ্যালয়ে পড়তে পুরষা, খেতুড়া সহ একাধিক গ্রাম থেকে বহু পড়ুয়া আসে। মূলত বাসের উপর ভরসা করেই চলে যাতায়াত। কিন্তু যাত্রী প্রতীক্ষালয় না থাকার জন্য পড়ুয়াদের রোদ, বৃষ্টিতে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়। এক অভিভাবক বলেন, পড়ুয়াদের খুবই অসুবিধা হয়। প্রতীক্ষালয় হলে পড়ুয়া সহ এলাকার সকলের সুবিধা হবে। বিষয়টি নিয়ে সিপিএম নেতা সোনা মুখোপাধ্যায় বলেন, বাসস্ট্যান্ডে প্রতীক্ষালয়ের দাবী দীর্ঘদিনের। মানুষের ভোগান্তি হচ্ছে। কিন্তু প্রশাসনের নজর নেই। কংগ্রেসের গলসি-২ ব্লকের সভাপতি অসীম দত্ত বলেন, এই বাজার গলসির প্রাণকেন্দ্র। থানা, ব্যাঙ্ক, স্কুল রয়েছে এলাকায়। ফলে বহু মানুষ আসেন। কিন্তু প্রতীক্ষালয় না থাকার জন্য যেখানে সেখানে দাঁড়াতে হয় যাত্রীদের। কিছু বাসও নির্দিষ্ট স্টপেজে না দাঁড়িয়ে রাস্তার উপর থেমে যায়। ফলে যানজট হয়। প্রশাসনের নজর দেওয়া উচিৎ। গলসি-২ ব্লক প্রশাসন বিষয়টি দেখার আশ্বাস দিয়েছে।