জেলা
ক্লাসমুখী হওয়ার বার্তায় উদযাপিত গলসি কলেজের প্রতিষ্ঠা দিবস
প্রকাশিত: ১৫ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধি: পতাকা উত্তোলন, স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান আর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করল গলসী মহাবিদ্যালয়। দেখতে দেখতে কুড়িটি বছর পার করে ফেলল এলাকার এই ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে সোমবার কলেজ চত্বরে আয়োজন করা হয়েছিল এক বর্ণাঢ্যের অনুষ্ঠানের, যেখানে শামিল হয়েছিলেন কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে অধ্যাপক-অধ্যাপিকা ও বিশিষ্টজনেরা।
এ দিন মহাবিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং স্বামী বিবেকানন্দের মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলসীর বিধায়ক রাজু পাত্র। এ ছাড়াও উপস্থিত ছিলেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. কুমারেশ চ্যাটার্জী এবং কলেজের আইকিউএসি (IQAC) কো-অর্ডিনেটর ড. অভিষেক কর্মকার।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বর্তমান শিক্ষাব্যবস্থা ও পড়ুয়াদের মানসিকতা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা দেন কলেজের অধ্যক্ষ ড. অমিত এস তিওয়ারী। তিনি তাঁর বক্তব্যের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের আরও বেশি করে ‘ক্লাস মুখী’ হওয়ার আহ্বান জানান। শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং নিয়মিত পঠনপাঠনের ওপর জোর দেওয়ার পাশাপাশি পড়ুয়াদের কল্যাণে বর্তমান রাষ্ট্রবাদী সরকারের নানাবিধ ইতিবাচক পদক্ষেপ ও প্রকল্পগুলির কথাও নিজের বক্তৃতায় তুলে ধরেন তিনি। পড়ুয়াদের উপস্থিতির হার দেখে বিধায়ক আগামীতে পুরস্কার দেবেন বলে জানান।
গোটা অনুষ্ঠানটি অত্যন্ত সুচারুভাবে পরিচালনা করেন কলেজের সাংস্কৃতিক কমিটির পক্ষে ড. বিশ্বজিৎ মুখার্জী এবং ড. রূপশ্রী চ্যাটার্জী। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজিত মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠেন কলেজের পড়ুয়ারা। গান, কবিতা ও নাচের মেলবন্ধনে গোটা কলেজ চত্বরে এ দিন উৎসবের আমেজ তৈরি হয়।

