বৃষ্টি উপেক্ষা করে মিছিল, ধান কেনা-ভোটাধিকার ফেরানোর দাবিতে গলসিতে বিডিও-কে ডেপুটেশন সিপিআইএমের
নিজস্ব প্রতিবেদন, গলসি: কৃষকের ধানের ন্যায্য মূল্য দেওয়া, ১০০ দিনের কাজ চালু করা এবং ভোটার তালিকা থেকে বাদ পড়া নাগরিকদের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে ফের পথে নামল সিপিআইএম। বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের গলসি ১ এরিয়া কমিটির উদ্যোগে এই একাধিক জ্বলন্ত ইস্যুকে সামনে রেখে গলসি ১ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিককে (BDO) একটি স্মারকলিপি বা ডেপুটেশন দেওয়া হয়।
এ দিন সকাল থেকেই গলসি এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং ভারী বৃষ্টিপাত শুরু হয়েছিল। তবে সেই প্রতিকূল পরিস্থিতি এবং অবিরাম বৃষ্টিকে উপেক্ষা করেই লাল ঝাণ্ডা হাতে রাস্তায় নামেন সিপিআইএমের শয়ে শয়ে কর্মী-সমর্থক। এলাকা জুড়ে প্রতিবাদ মিছিল করার পর তাঁরা গলসি ১ ব্লক অফিসে পৌঁছান এবং বিডিও-র কাছে গিয়ে নিজেদের দাবিদাওয়া পেশ করেন।
দলীয় নেতা হারাধন ঘোষ এই কর্মসূচির মূল দাবিগুলি স্পষ্ট করে জানান। তিনি বলেন, “এসআইআর (SIR) প্রক্রিয়া অবিলম্বে বাতিল করতে হবে। একই সঙ্গে ট্রাইব্যুনালে আটকে থাকা বৈধ ভোটারদের নাম দ্রুত তালিকায় তুলে তাঁদের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে।”
কৃষক ও শ্রমিকদের স্বার্থে সরব হয়ে তিনি আরও দাবি করেন, “ফড়ে বা দালালদের দৌরাত্ম্য বন্ধ করে অবিলম্বে সরাসরি কৃষকদের কাছ থেকে ৩,১৫০ টাকা কুইন্টাল দরে ধান কিনতে হবে রাজ্য সরকারকে। পাশাপাশি গ্রামীণ গরিব মানুষের সুরাহার জন্য ১০০ দিনের কাজের প্রকল্পটিকে পুরোনো আইনেই অবিলম্বে পুনরায় চালু করতে হবে।”
সিপিআইএম নেতৃত্বের হুঁশিয়ারি, এই সমস্ত জনমুখী দাবিগুলি দ্রুত পূরণ করা না হলে আগামী দিনে মহকুমা ও জেলা স্তর জুড়ে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন তাঁরা।

