জেলা
কোদাল হাতে মাটি কাটলেন বিধায়ক, গলসিতে মোদীর ‘বিকশিত ভারত’ স্বপ্নপূরণে সূচনা রোজগার প্রকল্পের
প্রকাশিত: ২ জুলাই, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘বিকশিত ভারত’ গঠনের স্বপ্নকে গ্রামীণ স্তরে বাস্তবায়িত করতে এক অভিনব উদ্যোগ নেওয়া হলো পূর্ব বর্ধমানে। জেলার গলসি ১ নম্বর ব্লকে আনুষ্ঠানিকভাবে সূচনা হলো ‘রোজগারের নিশ্চয়তা এবং আজীবিকা মিশন গ্রামীণ’ বা ‘ভিবি-জী রাম জী’ (VB-GRMJ) প্রকল্পের। গ্রামীণ এলাকায় কর্মসংস্থান বৃদ্ধি, স্বনির্ভরতা এবং সাধারণ মানুষের টেকসই জীবিকার সুযোগ তৈরি করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
গলসির মানকর গ্রাম পঞ্চায়েতের মাড়ো অঞ্চলের নতুনগ্রামে এই উপলক্ষে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এদিন সম্পূর্ণ অভিনব ও গ্রামীণ কায়দায় এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন গলসির বিধায়ক রাজু পাত্র। তিনি নিজে হাতে কোদাল নিয়ে মাটি কাটেন। এরপর সেই মাটির ঝুড়ি নিজের মাথায় বয়ে নিয়ে গিয়ে কাজের সূচনা করেন। বিধায়কের এই রূপ দেখে উপস্থিত গ্রামবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক (ADM) অনুপ দত্ত, গলসি ১ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক (BDO) ইন্দ্রজিৎ মারিক, বুদবুদ থানার ভারপ্রাপ্ত আধিকারিক (OC) সহ স্থানীয় প্রশাসনের পদস্থ কর্তারা।
প্রশাসনের আধিকারিকদের মতে, এই প্রকল্পের মূল লক্ষ্য হলো গ্রামীণ অর্থনীতির বুনিয়াদকে আরও শক্ত করা। এর মাধ্যমে গ্রামের বেকার যুবসমাজ, মহিলাদের স্বনির্ভর গোষ্ঠী (SHG), প্রান্তিক কৃষক এবং সাধারণ খেটে খাওয়া মানুষের অর্থনৈতিক ক্ষমতায়ন আরও সুদৃঢ় হবে। এলাকার মানুষ যাতে নিজের গ্রামেই স্থায়ী রোজগারের সুযোগ পান, সেই রূপরেখাই তৈরি করা হয়েছে এই মিশনের অধীনে। সরকারি এই নতুন উদ্যোগে এলাকার বাসিন্দাদের মধ্যে আশার আলো দেখছেন স্থানীয় মহল।

