তৃণমূলের ‘অবলুপ্তি’, জোড়াফুলের শ্রাদ্ধের আয়োজন হিঙ্গলগঞ্জ বিজেপির
নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: নির্বাচন কমিশনের এক রাতেই অবলুপ্ত হয়েছে দীর্ঘ তিন দশকের রাজনৈতিক দল ‘তৃণমূল কংগ্রেস’। ঘাসফুল শিবির যখন এই ধাক্কা সামলাতে আইনি লড়াইয়ের পথে, ঠিক তখনই এই ঘটনাকে কেন্দ্র করে অভিনব রাজনৈতিক রসিকতায় মাতল গেরুয়া শিবির। তৃণমূলের সদ্যপ্রাক্তন ‘জোড়াফুল’ প্রতীকের রীতিমতো শ্রাদ্ধের আয়োজন করে শোরগোল ফেলে দিলেন উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের বিজেপি কর্মীরা।
বসিরহাটের হিঙ্গলগঞ্জ এলাকায় বিজেপির এই কর্মসূচিকে ঘিরে সকাল থেকেই স্থানীয় মানুষ ও রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়। দেখা যায়, সনাতন হিন্দু আচার মেনে মন্ত্রোচ্চারণের জন্য পুরোহিত ডেকে আনা হয়েছে। নিয়মমাফিক সাজানো হয়েছে শ্রাদ্ধের আসন। সেখানে রাখা হয়েছে তৃণমূলের বিদায়ী জোড়াফুল প্রতীকের ছবি। ধূপ-ধুনো, খই ও ফুল দিয়ে একেবারে শাস্ত্রীয় মতে ‘পরলোকগত’ প্রতীকের আত্মার শান্তির কামনা করেন বিজেপি কর্মীরা।
বিজেপি নেতৃত্বের দাবি, যে দল আটাশ বছর ধরে বাংলার মানুষকে ভাঁওতা দিয়েছে, নির্বাচন কমিশনের রায়ে শুক্রবার তার রাজনৈতিক অকালমৃত্যু ঘটেছে। তাই নিয়ম মেনেই এই শ্রাদ্ধের আয়োজন। ঘটনাটি প্রকাশ্যে আসতেই এলাকায় তুমুল রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। তৃণমূল শিবিরের পক্ষ থেকে এই ঘটনাকে ‘অসভ্যতা ও সস্তায় প্রচারের আলো চুরির চেষ্টা’ বলে তীব্র নিন্দা করা হয়েছে। তবে হিঙ্গলগঞ্জের সাধারণ মানুষের একাংশ বিজেপির এই চরম রাজনৈতিক ব্যঙ্গাত্মক কর্মসূচি দেখে বেশ মজাই পেয়েছেন।

