জেলা
হুগলিতে রেললাইনের ধারে রেলকর্মীর দ্বিখণ্ডিত দেহ
প্রকাশিত: ৭ আগস্ট, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, হুগলি: সকালে নির্দিষ্ট সময়েই কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন। কিন্তু অফিসে আর পৌঁছানো হলো না। হুগলি স্টেশনের কাছে রেললাইনের ধার থেকে উদ্ধার হলো এক রেলকর্মীর দুই টুকরো দেহ। এই ঘটনায় শুক্রবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত রেলকর্মীর নাম কমল সেনপতি। তিনি রেলের পাবলিক ওয়ার্কস ইন্সপেক্টর (PWI) পদে কর্মরত ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, হুগলি স্টেশনের কাছে ডাউন লাইনে ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়। ঘটনার খবর পেয়েই রেল পুলিশ (GRP) এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তবে এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে, তা নিয়ে ইতিমধ্যেই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
রেল পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ওই রেলকর্মী মানসিক অবসাদে ভুগছিলেন কি না বা তাঁর মৃত্যুর আসল কারণ কী, তা জানতে সহকর্মীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সকালে ডিউটিতে যাওয়ার পথে ঠিক কী ঘটেছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।

