অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে জঙ্গিপুর পৌরসভায় তুলকালাম, ডিম নিয়েই হাজির উপভোক্তরা
রিচা দত্ত, মুর্শিদাবাদ: অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার ক্ষোভে মঙ্গলবার উত্তাল হয়ে উঠল জঙ্গিপুর পৌরসভা। টাকা না মেলায় বিক্ষোভ দেখাতে এসে পৌরকর্মীদের লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগ উঠল বঞ্চিত মহিলাদের বিরুদ্ধে। ঘটনায় রণক্ষেত্রের চেহারা নেয় পৌরসভা চত্বর।
স্থানীয় সূত্রে খবর, জঙ্গিপুর পৌর এলাকায় অনেকের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকলেও এখনও একটা বড় অংশের মহিলা টাকা পাননি। দিনের পর দিন পৌরসভায় ঘুরেও মেলেনি কোনও সমাধান। এরপরই এদিন একজোট হয়ে পৌরসভায় এসে বিক্ষোভ শুরু করেন তাঁরা।
বিক্ষোভকারীদের সরাসরি অভিযোগ, পৌরসভা কর্তৃপক্ষের গাফিলতি ও দুর্নীতির জেরেই টাকা আটকে রয়েছে। তাঁদের দাবি, "উপরমহল থেকে টাকা ছাড়া হলেও পৌরসভার কর্মীরাই তা আটকে রাখছেন।"
বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ক্ষুব্ধ মহিলারা পৌরকর্মীদের লক্ষ্য করে ডিম ছুড়তে থাকেন বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এই বিষয়ে মহকুমা শাসকের দ্বারস্থ হন বিক্ষোভকারীরা। মহকুমা শাসক তাঁদের আশ্বাস দেন, "বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রকৃত উপভোক্তারা যাতে দ্রুত টাকা পান তার ব্যবস্থা করা হবে।"
এদিকে পৌরসভা কর্তৃপক্ষের বক্তব্য, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও তালিকাগত ত্রুটির কারণে কিছু মানুষের টাকা আটকেছে। দ্রুত তা সংশোধন করে দেওয়া হবে।
এই ঘটনার পর জঙ্গিপুরে অন্নপূর্ণা যোজনার স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

