শান্তিতেই শেষ হল জঙ্গিপুরের মহরম! অস্ত্র ছাড়া মিছিল
রিচা দত্ত, মুর্শিদাবাদ: প্রশাসনের নির্দেশ মেনে সম্পূর্ণ অস্ত্রহীন ও শান্তিপূর্ণভাবেই মহরম পালন করল জঙ্গিপুর। গ্রামে গ্রামে দল বেঁধে একে একে চরকা মাজারের দিকে এগোল মহরমের মিছিল। কোথাও কোনো অশান্তির খবর নেই।
নিয়ম মেনেই মিছিল- প্রতিটি কমিটি প্রশাসনের নির্দেশ মেনে অস্ত্র ছাড়াই মিছিল বের করেছে। প্রতিটি দল নির্ধারিত নিয়ম-কানুন মেনে শৃঙ্খলার সঙ্গে এগিয়েছে।
জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের সব অফিসার রাস্তায়। প্রতিটি দলের সঙ্গে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। গ্রামের মানুষ নিজেরাই উদ্যোগী হয়ে দলগুলিকে নিয়ম মেনে চলতে সাহায্য করেছে।
বালিঘাটা মহরম কমিটির সহ-সম্পাদক শফিকুল শেখ বলেন, “প্রথমে একটু অসুবিধা হলেও পরে গ্রামবাসীরাই এগিয়ে এসেছেন। নিয়ম মেনে দলকে গন্তব্যে নিয়ে যেতে সাহায্য করেছেন। রঘুনাথগঞ্জ থানার পুলিশকেও ধন্যবাদ। ওদের তৎপরতায় শান্তিতে মহরম করতে পারছি।”
এবারের মহরম জঙ্গিপুরে সম্প্রীতি ও শৃঙ্খলার নজির গড়ল। প্রশাসন আর সাধারণ মানুষের যৌথ উদ্যোগে কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হল উৎসব।

