জনতার দরবারে মিলল সুফল, বঞ্চনা কাটিয়ে খুশি কুলটি
নিজস্ব প্রতিনিধি: বিগত পুরবোর্ডের উদাসীনতা এবং রাজনৈতিক পক্ষপাতিত্বের অবসান ঘটিয়ে অবশেষে ন্যূনতম নাগরিক পরিষেবা পেতে শুরু করলেন কুলটি পুরসভার এক বড় অংশের মানুষ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিদায়ী শাসকদলের অনুগামী না হওয়ার ‘অপরাধে’ এতদিন বহু সাধারণ গৃহস্থের বাড়ির আবর্জনা পর্যন্ত সাফ করা হতো না। ফলে এলাকায় জঞ্জালের পাহাড় জমে উঠেছিল এবং সাধারণ মানুষ চরম অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে দিন কাটাতে বাধ্য হচ্ছিলেন। তবে রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তনের পর এবং নতুন সরকারের দেওয়া অভয়ে ভরসা রেখে এখন ভয় কাটিয়ে সোচ্চার হতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। আর সেই সুফলের কথাই সশরীরে জনতার দরবারে এসে শোনালেন সীতারামপুর ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বন্দনা রায় চৌধুরী।
বন্দনাদেবী জানান, বিগত দীর্ঘ ৫ বছর ধরে তিনি একটি গুরুতর নাগরিক সমস্যা নিয়ে ভুগছিলেন। আগের প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেও রাজনৈতিক পক্ষপাতিত্বের কারণে কোনো সাহায্য পাননি। কিন্তু বর্তমান প্রশাসনের উদ্যোগে জনতার দরবারে হাজির হতেই মাত্র কয়েকদিনের মধ্যে তাঁর সেই দীর্ঘদিনের সমস্যার দ্রুত সমাধান হয়েছে। বঞ্চনার দিন পেরিয়ে এলাকায় নিয়মিত জঞ্জাল সাফাই ও পুরপরিষেবা চালু হওয়ায় বন্দনাদেবীর মতোই স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ১৮ নম্বর ওয়ার্ডের অন্যান্য বাসিন্দারাও।
স্থানীয়দের মতে, রাজনৈতিক রং না দেখে সাধারণ মানুষের মৌলিক চাহিদা মেটানোর এই সদিচ্ছা আগামী দিনে কুলটির চেহারা বদলে দেবে।

