বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

গ্রেপ্তার জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ

প্রকাশিত: ১৮ জুন, ২০২৬
গ্রেপ্তার জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা, বহরমপুর: রাজ্যে পালাবদলের পর আর্থিক দুর্নীতি মামলায় একাধিক পুরসভার চেয়ারম্যান ও কাউন্সিলর শ্রীঘরে গিয়েছেন। তবে মুর্শিদাবাদ জেলায় এই প্রথম কোনও পুরপ্রধানকে পুলিশ গ্রেপ্তার করল। বুধবার রাতে জেলার শতাব্দী প্রাচীন জিয়াগঞ্জ-আজিমগঞ্জ পুরসভার চেয়ারম্যান প্রসেনজিৎ ঘোষকে পুরভবনের ভেতর থেকেই গ্রেপ্তার করেছে জিয়াগঞ্জ থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে বিভিন্ন সরকারি প্রকল্পে প্রায় ৩০০ কোটি টাকার দুর্নীতি ও ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত থেকেই পুরসভা চত্বরে ব্যাপক উত্তেজনা ছড়ায়। দুর্নীতির অভিযোগে চেয়ারম্যানকে ঘিরে ধরে প্রবল বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, প্রসেনজিৎবাবুকে লক্ষ্য করে পচা ডিম ও চোর স্লোগান ছোড়া হয়। উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। শেষ পর্যন্ত জনরোষের হাত থেকে উদ্ধার করে পুরসভার ভেতর থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়।
রাজনৈতিক মহলের মতে, ১৭টি ওয়ার্ডের এই শতাব্দী প্রাচীন পুরসভাটি সম্পূর্ণভাবে শাসকদলের নিয়ন্ত্রণে ছিল। ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎবাবু চেয়ারম্যান হওয়ার পর থেকেই তাঁর বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ উঠছিল। বিরোধীদের দাবি, কেন্দ্র ও রাজ্য সরকারের একাধিক উন্নয়নমূলক প্রকল্পে বড়সড় কাটমানি খেয়েছেন তিনি। সরকারি খাতের প্রায় ৩০০ কোটি টাকা নয়ছয় করার নির্দিষ্ট অভিযোগ জমা পড়েছিল পুলিশের কাছে।
জেলায় প্রথমবার কোনও পুরপ্রধান গ্রেপ্তার হওয়ায় রাজনৈতিক শোরগোল চরমে উঠেছে। প্রসেনজিৎ ঘোষকে গ্রেপ্তারের পর রাতেই এলাকায় পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে। জেলা পুলিশের এক পদস্থ আধিকারিক জানান, ধৃত চেয়ারম্যানের বিরুদ্ধে ওঠা আর্থিক কেলেঙ্কারির তদন্ত শুরু হয়েছে। এই বিশাল অঙ্কের দুর্নীতির শিকড় কতদূর বিস্তৃত, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।