জেলা
জয়নগরে নাবালককে উল্টো ঝুলিয়ে নৃশংস অত্যাচার
প্রকাশিত: ২৬ জুন, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, জয়নগর: খেলতে খেলতে পথচলতি এক যুবকের গায়ে লাঠি দিয়ে ভুলবশত আঘাত করে ফেলেছিল এগারো বছরের এক বালক। আর এই সামান্য ‘ভুলের’ খেসারত হিসেবে ওই নাবালককে যে নৃশংস অত্যাচারের মুখে পড়তে হলো, তা দেখে শিউরে উঠছে মানুষ। চুরির অপবাদ বা অন্য কোনো বড় অপরাধ নয়, স্রেফ অসাবধানতার কারণে এক শিশুকে ঘরের কড়িকাঠে উল্টো করে ঝুলিয়ে মারধরের অভিযোগ উঠল দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে। এই রোমহর্ষক ঘটনার একটি ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত নাবালকটি বন্ধুদের সঙ্গে খেলার সময় আচমকাই তার হাতের লাঠি এক পথচারী যুবকের গায়ে লেগে যায়। অভিযোগ, এতেই ক্ষিপ্ত হয়ে ওই যুবক এবং তার কয়েকজন সঙ্গী নাবালকের গেঞ্জির কলার ধরে মারতে মারতে প্রথমে তার বাড়িতে নিয়ে যায়। এরপর ঘরের ভেতর নিয়ে গিয়ে তাকে পা ওপরের দিকে করে, কড়িকাঠ থেকে উল্টো করে ঝুলিয়ে দেওয়া হয়। সেই অবস্থাতেই চলে চরম নির্যাতন। যন্ত্রণায় ও ভয়ে শিশুটি চিৎকার করতে থাকলেও পাষণ্ডদের মন গলেনি।
ঘটনার পর রক্তাক্ত ও ট্রমাটাইজড অবস্থায় শিশুটিকে উদ্ধার করে তার পরিবার। নাবালকের পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যেই জয়নগর থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে চম্পট দিয়েছে মূল অভিযুক্ত ও তার সহযোগীরা। পুলিশ তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে।
এই চরম অমানবিক ঘটনা প্রসঙ্গে বারুইপুর পুলিশ জেলার সুপার অরবিন্দ কুমার আনন্দ জানিয়েছেন, ‘ঘটনায় নির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অত্যন্ত গুরুত্ব সহকারে পুরো বিষয়টি খতিয়ে দেখছে এবং তদন্ত চলছে।’ দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা।

