জেলা
কল্যাণীতে হাত-পা বাঁধা অবস্থায় বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, খুনের অভিযোগ
প্রকাশিত: ৬ জুলাই, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কল্যাণী: সাতসকালে বাড়ি থেকে প্রায় তিন কিলোমিটার দূরে, রেললাইনের ধারের একটি আমবাগান থেকে এক সক্রিয় বিজেপি কর্মীর হাত-পা বাঁধা ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল নদিয়ার কল্যাণীতে। সোমবার সকালে কল্যাণী থানার অন্তর্গত সাহেব বাগান ডেঙ্গুরপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটেছে। হাত-পা বাঁধা অবস্থায় গাছে দেহ ঝুলতে দেখে এটিকে স্রেফ আত্মহত্যা মানতে নারাজ পরিবার ও বিজেপি নেতৃত্ব। তাঁদের অভিযোগ, এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম বিশ্বজিৎ শিকদার (২৬)। তিনি এলাকায় বিজেপির অত্যন্ত সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন। শুধু তাই নয়, বিশ্বজিতের বাবা কল্যাণী মণ্ডল-২ এর ১২৭ নম্বর বুথের বিজেপি সভাপতি। পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত থেকেই নিখোঁজ ছিলেন বিশ্বজিৎ। এরপর সোমবার সকালে স্থানীয় কয়েকজন বাসিন্দা আমবাগানের দিকে গেলে গাছে তাঁর দেহ ঝুলতে দেখেন। যুবকের হাত ও পা দড়ি দিয়ে শক্ত করে বাঁধা ছিল। এই দৃশ্য দেখেই এলাকায় ব্যাপক শোরগোল পড়ে যায়। খবর পেয়ে কান্নায় ভেঙে পড়ে নিহতের পরিবার।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় পৌঁছান স্থানীয় বিজেপি নেতৃত্ব এবং কল্যাণী বিধানসভার প্রাক্তন বিজেপি বিধায়ক। খবর দেওয়া হয় কল্যাণী থানায়। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। বিজেপির দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই বিশ্বজিৎকে প্রথমে অপহরণ, তারপর হাত-পা বেঁধে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে। ঘটনার পেছনে কোনো রাজনৈতিক শত্রুতা নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখতে সব দিক খোলা রেখে তদন্ত শুরু করেছে কল্যাণী থানার পুলিশ। এলাকা থমথমে থাকায় পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে।

