বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

বালি পাচার রুখতে কাঁকসায় রাতভর গ্রামবাসীদের বিক্ষোভ

প্রকাশিত: ১৬ জুন, ২০২৬
বালি পাচার রুখতে কাঁকসায় রাতভর গ্রামবাসীদের বিক্ষোভ
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা: দামোদর নদ থেকে বেআইনি বালি উত্তোলন ও পাচার রুখতে এবার সরাসরি রাস্তায় নামলেন গ্রামবাসীরা। সোমবার রাতভর পশ্চিম বর্ধমানের কাঁকসা ব্লকের শোকনা গ্রামে বালি বোঝাই প্রায় তিরিশটি ট্রাক্টর আটকে রেখে তুমুল বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। এই ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই গোটা এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ, কেন্দ্রীয় বাহিনী ও বিএলআরও (BLRO) দফতরের আধিকারিকরা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কাঁকসার সিলামপুর সংলগ্ন এলাকায় দামোদর নদের বুক চিরে দীর্ঘদিন ধরেই এই অবৈধ বালির কারবার চলছে। গভীর রাত থেকে ভোর পর্যন্ত নিয়মবহির্ভূতভাবে একের পর এক বালি বোঝাই ট্রাক্টর যাতায়াত করে এলাকার রাস্তাঘাট ধ্বংস করছে। গ্রামবাসীদের স্পষ্ট দাবি, তৃণমূল সরকারের আমলে এই এলাকায় বালি মাফিয়াদের রমরমা এবং বেআইনি কারবার আকাশছোঁয়া হয়ে উঠেছিল। রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে দেদার সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে। রাজ্যে প্রশাসন ও রাজনৈতিক সমীকরণের বদল ঘটলেও এই বালি চুরি কেন এখনও পুরোপুরি বন্ধ হচ্ছে না, সেই প্রশ্ন তুলে ক্ষোভে ফেটে পড়েন বিক্ষোভকারীরা। সম্প্রতি কাঁকসায় কৃষি দপ্তরের একটি অনুষ্ঠানে এসে বালিকারবারির বিরুদ্ধে সরব হয়েছিলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, কাঁকসার সিলামপুর এলাকার দামোদরের বালি যে জায়গায় মজুদ করা হচ্ছে সেটি সরকারি জায়গা।
এদিন পরিস্থিতি খতিয়ে দেখতে ভূমি ও ভূমি রাজস্ব দফতরের আধিকারিকরা এলাকায় এলে তাঁদের ঘিরেও বিক্ষোভ দেখানো হয়। গ্রামবাসীরা সাফ জানিয়ে দিয়েছেন, অবিলম্বে এই বেআইনি বালি কারবার সম্পূর্ণ বন্ধ না হলে তাঁরা আরও বড় আন্দোলনে নামবেন। পুলিশ ও প্রশাসনের তরফে অবশ্য গ্রামবাসীদের আশ্বস্ত করে বেআইনি ট্রাক্টরগুলির বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার আশ্বাস দেওয়া হয়েছে।