বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

কাঁকসার জাঠগড়িয়ার জঙ্গলে চার কঙ্কাল, তীব্র চাঞ্চল্য 

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬
কাঁকসার জাঠগড়িয়ার জঙ্গলে চার কঙ্কাল, তীব্র চাঞ্চল্য 
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ দুর্গাপুরের কাঁকসার গভীর জঙ্গল থেকে একযোগে চারটি মানুষের কঙ্কাল উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বুধবার বিকেলে কাঁকসার জাঠগড়িয়া মোড় সংলগ্ন জঙ্গলে এই কঙ্কালগুলি পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। পুলিশ কঙ্কালগুলি উদ্ধার করে ময়নাতদন্ত ও ডিএনএ পরীক্ষার জন্য পাঠিয়েছে। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি (পূর্ব) রসপ্রীত সিংহ জানান, জঙ্গল থেকে চারটি কঙ্কাল উদ্ধার করা হয়েছে। ঠিক কী কারণে এবং কীভাবে এই কঙ্কালগুলি এখানে এল, তা জানতে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার দুপুরে এলাকার কয়েকজন বাসিন্দা জাঠগড়িয়ার জঙ্গলে শুকনো পাতা কুড়োতে গিয়েছিলেন। জঙ্গলের বেশ কিছুটা গভীরে যাওয়ার পর আচমকাই একটি জায়গায় একাধিক মানুষের মাথার খুলি, হাড় ও কঙ্কাল ছড়িয়ে-ছিটিয়ে পড়ে থাকতে দেখেন তাঁরা। গভীর জঙ্গলে এমন হাড়হিম করা দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন পাতা কুড়ানিরা। তাঁরা সঙ্গে সঙ্গে জঙ্গল থেকে ছুটে বাইরে বেরিয়ে আসেন এবং বাকি গ্রামবাসীদের বিষয়টি জানান। এর পরেই গ্রামবাসীদের পক্ষ থেকে স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়।
এই ঘটনার পর থেকেই গোটা কাঁকসা জুড়ে দানা বেঁধেছে রহস্য। পুলিশের একটি সূত্রের অনুমান, কঙ্কালগুলি এক জন পুরুষ, দু’জন মহিলা ও একটি শিশুর। তবে পরীক্ষা-নিরীক্ষার পরে এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। এক জায়গা থেকে চারটি কঙ্কাল উদ্ধার হওয়ায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। তাঁদের দাবি, চার জনের ওই জায়গাতেই মৃত্যু হয়েছে, নাকি দেহ এখানে ফেলে যাওয়া হয়েছে, কী ভাবে তাঁদের মৃত্যু হল, তা তদন্ত করে বার করা হোক। 
তবে এলাকার কোনো বাসিন্দা নিখোঁজ রয়েছেন কি না, তা জানতে আশেপাশের সমস্ত থানার সঙ্গে যোগাযোগ করছে পুলিশ। কেউ বা কারা অন্য কোথাও খুন করে প্রমাণ লোপাটের জন্য মৃতদেহগুলি এই নির্জন জঙ্গলে ফেলে দিয়ে গিয়েছিল কি না, সেই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা।