কাশিমবাজারে লরির ধাক্কায় পথচারীর মৃত্যু, বিক্ষোভ এলাকাবাসীর
রিচা দত্ত, মুর্শিদাবাদ: রবিবার সকালে বাজার করতে বেরিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন সুনীল সরদার নামে এক ব্যক্তি। অভিযোগ, একটি পণ্যবাহী লরি তাঁকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর লরিটি দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কাশিমবাজারের মালগাড়ি চলাচলের রেলক্রসিং সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরেই নিরাপত্তার ঘাটতি রয়েছে। প্রায়ই সেখানে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এলাকাবাসীর দাবি, যথাযথ ট্রাফিক নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রতিদিনই সাধারণ মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করতে বাধ্য হচ্ছেন।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তবে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বিক্ষোভে সামিল হন। তাঁদের দাবি, প্রশাসনের পক্ষ থেকে সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়া পর্যন্ত মৃতদেহ ঘটনাস্থল থেকে তুলতে দেওয়া হবে না।
পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

