জবরদখল রুখতে চরম হুঁশিয়ারি মন্ত্রী দিলীপের
নিজস্ব প্রতিনিধি: তীব্র যানজট এবং একের পর এক পথ দুর্ঘটনায় জেরবার রেল শহর খড়্গপুর। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবার শহরের রাস্তা ও ফুটপাত দখলমুক্ত করতে কড়া পদক্ষেপ নিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ। মঙ্গলবার জবরদখলকারী এবং ফুটপাতের ব্যবসায়ীদের কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে তিনি সাফ জানিয়ে দেন, সরকারি জায়গা দখল করে কোনো ব্যবসা চালানো যাবে না। সম্প্রতি খড়্গপুর শহরের কৌশল্যা এলাকায় এক ব্যস্ত সময়ে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণ হারান এক অস্থায়ী পুরকর্মী। এই মর্মান্তিক ঘটনার পরেই শহরের বেআইনি জবরদখল ও ট্রাফিক ব্যবস্থা নিয়ে ক্ষোভ ছড়ায়। এর আগে খড়্গপুরের পুর চেয়ারপার্সন কল্যাণী ঘোষও অবৈধভাবে ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছিলেন। এবার সেই একই সুরে সুর মেলালেন মন্ত্রী দিলীপ ঘোষ। খড়্গপুর শহরের বোগদা এলাকায় এক ‘চা চক্র’-এ যোগ দিয়ে ব্যবসায়ীদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, "সরকারি রাস্তা, ফুটপাত বা প্ল্যাটফর্মের উপর ব্যবসা চালানো চলবে না। ব্যবসায়ীদের অনুরোধ করছি, আপনারা নিজেরাই নিজেদের দোকানপাট সরিয়ে নিন। অন্যথায় সরকার কিন্তু সব জায়গায় ব্যবস্থা নেওয়া শুরু করেছে, আমরাই এসে রাস্তা খালি করব।"

